ছোট্ট বন্ধুরা, মজার মজার হাতের কাজ তৈরি করতে কার না ভালো লাগে! কাগজ দিয়ে তৈরি নানারকম হাতের কাজ শেখাচ্ছেন শিল্পী পায়েলিমা মাইতি। তাঁর সঙ্গে কথা বললেন শান্তনু দত্ত।
পরের মাসেই বড়োদিন। তার আগে আবার বার্ষিক পরীক্ষার টেনশন। পড়ার চাপে হাতের কাজে ছুটি? একেবারে নয়। সহজেই ঘর সাজানোর জন্য কাগজের ঝাড়বাতি তৈরি করে নিতে পার। তা কাজে লাগবে বড়োদিনের সাজসজ্জায়। আবার জন্মদিনের অনুষ্ঠান হোক কিংবা নিতান্ত ঘরের সাজেও দারুণ লাগবে এই ঝাড়বাতি। সহজে কীভাবে তৈরি করবে এই ঝাড়বাতি, চল শিখে নিই।
কী কী লাগবে?
কাগজের ঝাড়বাতি তৈরি করতে লাগবে বিভিন্ন রঙের চার্ট পেপার, শক্ত কার্ডবোর্ড, কাঁচি, পেনসিল, স্কেল, আঠা, সুতো এবং একটি সরু কাঠি। ঝাড়বাতি সাজানোর জন্য গ্লিটার, রঙিন ফিতা, স্টিকার ও ছোটো কাগজের ফুল ব্যবহার করতে পার।
ধাপ ১
প্রথমে শক্ত কার্ডবোর্ড নিয়ে একটি গোলাকার রিং তৈরি করতে হবে। এর জন্য কার্ডবোর্ডে দু’টি বৃত্ত আঁকো। মনে রাখবে, এই দু’টি বৃত্তের কেন্দ্র যেন একই হয়। বাইরের বৃত্তটির ব্যাস নাও ১৫ সেন্টিমিটার আর ভিতরের বৃত্তটির ব্যাস ৮ সেন্টিমিটার রাখ। তাহলেই দেখবে একটি রিং তৈরি হবে। এবার বৃত্ত দু’টির মাঝের অংশটি কেটে নাও। এতেই তৈরি হয়ে যাবে একটি গোলাকার রিং। ঝাড়বাতির উপরের দিকের মূল কাঠামো এটি।
ধাপ ২
এবার বিভিন্ন রঙের চার্ট পেপার থেকে সমান মাপের লম্বা ফালি কেটে নাও। প্রতিটি ফালি প্রায় ৩ সেন্টিমিটার চওড়া ও ১৫ সেন্টিমিটার লম্বা রাখ। এমন অন্তত ২০-২৫টি ফালি তৈরি কর। চাইলে একাধিক রঙের কাগজ ব্যবহার করতে পার। এতে ঝাড়বাতিটি দেখতে আরও আকর্ষণীয় হবে।
ধাপ ৩
এবার প্রতিটি কাগজের ফালির দুই প্রান্ত একসঙ্গে এনে আঠা দিয়ে জুড়ে দাও। এতে ছোটো ছোটো লুপ বা গোলাকৃতি তৈরি হবে। এই লুপগুলোই ঝাড়বাতির ঝুলন্ত অংশ হিসাবে ব্যবহার করতে হবে পরবর্তীতে। প্রতিটি লুপের আঠা শুকিয়ে গেলে সেগুলি আলাদা করে রাখ।
ধাপ ৪
এবার তৈরি করা কাগজের লুপগুলি কার্ডবোর্ডের গোলাকার রিংয়ের নীচের দিকে একটির পর একটি আঠা দিয়ে লাগিয়ে দাও। সব লুপ যেন সমান দূরত্বে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রথম সারি লাগানো হয়ে গেলে তার নীচে আরও একটি সারি তৈরি করতে পার। এতে ঝাড়বাতিটি আরও সুন্দর দেখাবে।
ধাপ ৫
এবার অন্য রঙের কাগজ দিয়ে ছোটো ছোটো ফুল, তারা বা প্রজাপতির নকশা তৈরি কর। সেগুলি ঝাড়বাতির বিভিন্ন অংশে আঠা দিয়ে লাগিয়ে দাও। চাইলে কাগজের সরু ফালি পাকিয়ে ছোটো গোলাকার নকশাও তৈরি করা যায়। রঙিন ফিতা বা গ্লিটার ব্যবহার করেও ঝাড়বাতিটি সাজানো যায়।
ধাপ ৬
সবশেষে কার্ডবোর্ডের রিংয়ের চারদিকে সমান দূরত্বে তিনটি ছোটো ছিদ্র কর। তিনটি সমান দৈর্ঘ্যের সুতো ছিদ্রগুলিতে বেঁধে উপরের দিকে এনে একসঙ্গে গিঁট বেঁধে দাও। এবার সেই গিঁটের সাহায্যে ঝাড়বাতিটি কোনো হুক বা স্ট্যান্ডে ঝুলিয়ে রাখ। আঠা ভালোভাবে শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে রঙিন কাগজের সুন্দর ঝাড়বাতি।



