১৮ নভেম্বর, ১৯৭৬। রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন সংবিধানের ৪২তম সংশোধনীতে। সংবিধানে অন্তর্ভুক্ত হল তিনটি নতুন শব্দ—সেকুলার, সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি। তারপর ইন্দিরা গান্ধী ভোটে হারলেন। কত সরকার এল-গেল। কিন্তু তাঁর সংযোজিত ‘সেকুলার’ শব্দটি অবিচ্ছেদ্য হয়ে রইল সংবিধানে!
সমৃদ্ধ দত্ত: সঞ্জয় গান্ধীর মাথায় একটি ভাবনা এল। তাঁর স্বভাব অনুযায়ী যেমন ভাবা তেমন কাজ। সঙ্গে সঙ্গে কয়েকজনের সঙ্গে আলোচনা করে সঞ্জয় দ্রুত সেই ভাবনাকে বাস্তবায়িত করতে চাইলেন। কিন্তু মাকে সরাসরি বলার আগে নিজের ঘুঁটি সাজাতে হবে। ১৯৭৫ সালের শেষ থেকেই আড়ালে সেই গেমপ্ল্যান চলছে। কিন্তু বিষয়টি গতি পেল ১৯৭৬ সালের জুলাই মাসে। কী সেই পরিকল্পনা? সংবিধান বদলে দিতে হবে। পার্লামেন্টের আর প্রয়োজন নেই। বড়জোর সংবিধান সভা রাখা যেতে পারে। আর প্রধানমন্ত্রী পদের গুরুত্ব থাকবে না। ইন্দিরা গান্ধী ভারতের প্রেসিডেন্ট হবেন। সরাসরি প্রেসিডেন্টকে ভারতবাসী ভোট দেবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্ট।। তবে আমেরিকায় প্রেসিডেন্টের অগাধ শক্তি ও অধিকার দেওয়া হয়নি। সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের হাতে রয়েছে প্রভূত ক্ষমতা। কিন্তু সঞ্জয় গান্ধীর প্ল্যান হল, ওরকম কিছু থাকবে না। প্রেসিডেন্টের হাতে থাকবে অবাধ অধিকার ও ক্ষমতা। পক্ষান্তরে বিচারবিভাগের ক্ষমতা কমিয়ে দেওয়া হবে। সেজন্য দরকার সংবিধানের সংশোধন।
তার আগেই সঞ্জয় একটি ব্লান্ডার করে ফেলেছেন। ‘সার্জ’ নামক একটি পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সাধারণত ১৯৭৫ সালের ২৫ জুনের জরুরি অবস্থা জারির পর থেকে সঞ্জয় খুব বেশি সাক্ষাৎকার দেন না। কিন্তু এক্ষেত্রে কেন রাজি হলেন বোঝা গেল না। সেই পত্রিকায় সঞ্জয় রাশিয়ার তুমুল সমালোচনা করে বসলেন। আর কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার নীতি আদর্শকেও উড়িয়ে দিয়ে বললেন, সমাজতন্ত্রী চিন্তাভাবনা অচল। পুঁজিবাদই সেরা। ইন্দিরা গান্ধীকে এসব কথা প্রচণ্ড ক্রুদ্ধ করল। কারণ, জরুরি অবস্থাকে সোভিয়েত ইউনিয়ন সমর্থন করেছে। সিপিআইও পাশে রয়েছে ইন্দিরা গান্ধীর। জরুরি অবস্থার আগে থেকেই এবং জরুরি অবস্থার কারণে যেখানে সিংহভাগ দল ইন্দিরা গান্ধীর বিরোধী, সেখানে বিশ্বে একমাত্র কাছের বন্ধু রাশিয়া এবং স্বদেশে সিপিআইকে এভাবে শত্রুতে পরিণত করতে চাইছে কেন সঞ্জয়? আত্মঘাতী সব কথাবার্তা। কারণ কী? সর্বনাশ হয়ে যাবে। যেদিন ওই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, সেদিনই একটি বিবাহ অনুষ্ঠানে যাওয়া নিজের প্রধান সচিব পি এন ধরকে দ্রুত ডেকে পাঠিয়ে ইন্দিরা গান্ধী বললেন, আমি বলছি, আপনি নোট করুন। এখনই বিবৃতি জারি করতে হবে। সঞ্জয় এসব কী শুরু করেছে? রাশিয়া ও কমিউনিস্টদের প্রতি প্রতি সম্পূর্ণ আস্থা জ্ঞাপন করা হল সেই বিবৃতিতে।
ইন্দিরা গান্ধী সেদিন থেকেই উপলব্ধি করতে শুরু করলেন যে, সঞ্জয় গান্ধী যেন অধৈর্য হয়ে যাচ্ছেন। এখন আর তিনি যেন মায়ের পর প্রশাসনে নাম্বর টু হয়ে থাকতে রাজি নয়। সঞ্জয় কি নাম্বার ওয়ান হতে চান? তিনিই এতদিন নানারকমভাবে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছিলেন, আধিকারিকদের নির্দেশ দিচ্ছিলেন। এবার নিজেই যেন চালকের আসনে বসতে মরিয়া। আর সেটাই আঁচ করছেন ইন্দিরা। তাই এখনই সঞ্জয়কে থামানো দরকার।
এদিকে সঞ্জয় গান্ধী যে ততদিন অন্য প্ল্যানে ঢুকে পড়ছেন সেকথা তখনও জানেন না প্রধানমন্ত্রী ইন্দিরা। ততদিনে ইন্দিরা গান্ধীকে তাঁর সম্পর্কিত ভাই গ্রেট ব্রিটেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বি কে নেহরু দেশে ফিরে বলেছিলেন, ইন্দিরা, ব্রিটেনে কিন্তু জরুরি অবস্থা নিয়ে সবাই খুব ক্ষুব্ধ। ভারতকে ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ নাগরিকরা গণতন্ত্রের একটি বাতিস্তম্ভ হিসাবে বিচার করে। কারণ, ব্রিটিশ যেসব দেশ থেকে নিজেদের উপনিবেশ ছেড়ে চলে এসেছে, তাদের মধ্যে সবথেকে মাথা উঁচু করে শান্তিপূর্ণ গণতন্ত্র চালাচ্ছে ভারত। এহেন ভারতে তুমি জরুরি অবস্থা জারি করেছো, এটা কেউ মেনে নিতে পারছে না। একই কথা পি এন ধরও বলেছেন। তাঁর কানে আসছে বিদেশ থেকে নানারকম সমালোচনা। অতএব এই দুই বিশ্বাসভাজন পরামর্শ দিলেন, এবার ধীরে ধীরে নির্বাচনের দিকে অগ্রসর হওয়া দরকার। কিছু একটা ঘোষণাও করা প্রয়োজন আপনার সরকারের আস্থা অর্জনের জন্য। পি এন ধর বললেন, আমার সঙ্গে গোয়েন্দা প্রধান আর এন কাওয়ের কথা হয়েছে। এখন নির্বাচন হলে আপনি জিতবেন।
ঠিক এরকমই সময় সঞ্জয় গান্ধী, দেবকান্ত বড়ুয়া এবং রজনী প্যাটেল মিলে একটি নোট তৈরি করলেন। সেখানে বলা হয়েছে, কেন ভারতে এখন প্রেসিডেন্সিয়াল সরকার গঠন করা উচিত। এই নোট তৈরি করেছেন এ আর আন্তুলে। পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি থেকে সরে গিয়ে সঞ্জয় এবং তাঁর এই গোষ্ঠী চাইছিলেন সর্বোচ্চ ক্ষমতার এক প্রেসিডেন্ট গদিতে বসুন ইন্দিরা গান্ধী। হরিয়ানার স্ট্রং ম্যান নেতা বংশী লাল বি কে নেহরুকে আরও এক ধাপ এগিয়ে বলেছিলেন, এসব ভোট টোটের মতো আজেবাজে ব্যাপার বন্ধ করুন। আমাদের বোন ইন্দিরাজিকে সোজা আজীবনের জন্য প্রেসিডেন্ট করে দেওয়া হোক। কোনো ঝামেলা থাকবে না আর। বহু দেশেই তো আছে। গণতন্ত্র থাকলেই বারংবার বিরোধীরা দেশে অরাজকতা করবে।
শুধু কথাতেই তাঁরা সীমাবদ্ধ রইলেন না সঞ্জয়। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং বিহার, এই চার রাজ্যে বিধানসভায় রীতিমতো প্রস্তাব (রেজোলিউশন) গ্রহণ করা হল ভোটাভুটির মাধ্যমে যে, এই ব্যবস্থা তারাও চায়। সুতরাং লোকসভা অধিবেশনে এই প্রস্তাব পেশ করার সব প্রক্রিয়া পাকা। তার আগেই ইন্দিরা গান্ধীকে বলা হয়েছে। কিন্তু তিনি মনেপ্রাণে রাজি নয়। এতটা বাড়াবাড়ি করা হলে তাঁর নিজের পিতার নীতি আদর্শকেই কুঠারাঘাত করতে হয়। কারণ, পার্লামেন্টের পরিবর্তে সংবিধান সভা থাকবে এবং সংসদীয় গণতন্ত্রের অস্তিত্ব থাকবে না, এটা ভারতে চালু করা অসম্ভব। কিন্তু তা সত্ত্বেও তিনি দ্বিধান্বিত। কারণ, একচ্ছত্র ক্ষমতার লোভ কার না থাকে! অতএব একেবারে উড়িয়ে না দিয়ে তিনি তাঁর মন্ত্রিসভা এবং দলে বিষয়টি নিয়ে আলোচনা করলেন। দেখা গেল, সর্দার স্বর্ণ সিং, ওয়াই বি চ্যবন, এইচ আর গোখলে, সিদ্ধার্থশংকর রায়রা এই প্রস্তাবের চরম বিরোধী। তাঁরা জানালেন, সুপ্রিম কোর্টের কেশবানন্দ ভারতী মামলার রায়ের পর এটা করা যায় না। সংবিধানের মূল ভিত্তিকে কোনোভাবে বদলানো যাবে না।
এবার ইন্দিরা গান্ধী একটি মধ্যপন্থা নিলেন। তিনি স্বর্ণ সিংকে বললেন একটি রিপোর্ট তৈরি করতে। সংবিধান সংশোধন করে কীভাবে আরও বেশি ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকে সেটাই যেন ইন্দিরা গান্ধীর মনোভাব। আর সেটি নিখুঁতভাবে বুঝতে পেরে ঠিক সেই মর্মেই স্বর্ণ সিং কমিটি একটি রিপোর্ট প্রস্তুত করল। তবে সঞ্জয় গান্ধীর অতি উৎসাহের প্ল্যানে আর অগ্রসর হলেন না ইন্দিরা গান্ধী। তিনি ভারতের গণতান্ত্রিক সরকার গঠনের প্রক্রিয়াকে অক্ষুণ্ণ রেখে সংবিধানের সংশোধনে অগ্রসর হলেন। সংবিধানের ৪২তম সংশোধন। আর এই সংশোধনীর মধ্যেই সংবিধানে প্রথমবার অন্তর্ভুক্ত হল তিনটি নতুন শব্দ, সেকুলার, সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি। ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক এবং সংহতি।
১৯৭৬ সালের ২ নভেম্বর লোকসভায় এই ৪২তম সংশোধনী অনুমোদিত হয়। রাজ্যসভায় পাশ হয় ১১ নভেম্বর। আর ১৮ নভেম্বর রাষ্ট্রপতি স্বাক্ষর করেন। ২০২৬ সালের নভেম্বর মাসে ভারতের সংবিধানে সেকুলার তথা ধর্মনিরপেক্ষ শব্দ সংযোজনের ৫০তম বর্ষ।
প্রশ্ন হল, সংবিধান প্রণেতারা যেখানে সেকুলার শব্দ সংবিধানে সংযোজিত করার দরকার মনে করলেন না, সেখানে ভারত সাধারণতন্ত্র হওয়ার ২৫ বছর পর কেন ‘সেকুলার’ শব্দের দরকার হল? সংবিধান গঠন নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখন কয়েকজন কিন্তু দাবি করেছিলেন যে, সেকুলার শব্দ অন্তর্ভুক্ত করা দরকার। যেমন অধ্যাপক কে টি শাহ ১৯৪৮ সালের নভেম্বর মাসে সংবিধান সভায় সংবিধান নির্মাণের আলোচনায় জোরদার সওয়াল করেছিলেন যে, সেকুলার, ফেডারেল, সোশ্যালিস্ট, এই শব্দগুলি সংবিধানে রাখতে হবে। আবার বিহার থেকে নির্বাচিত ব্রজেশ্বর প্রসাদ দাবি করেছিলেন, সেকুলার কোঅপারিটিভ কমনওয়েলথ নামক বাক্য রাখতে। কিন্তু সেই বিতর্কের মধ্যে বাবাসাহেব আম্বেদকর এবং জওহরলাল নেহরু সবথেকে জোরালো আপত্তি তোলেন। আম্বেদকরের বক্তব্য ছিল, সংবিধানের মৌলিক অধিকারগুলির মধ্যেই স্পষ্ট করে সেকুলার তথা ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। তাছাড়া ভবিষ্যৎ ভারতকে আমরা কোনো শব্দের মাধ্যমে বন্দি করতে পারি না। আবার জওহরলাল নেহরু বলেছিলেন, নিছক ‘সেকুলার’ শব্দ যুক্ত করা কৃত্রিম মনে হবে। ধর্মনিরিপেক্ষতা রাষ্ট্রের নীতি এবং নাগরিকদের ব্যবহারিক জীবনের অঙ্গ হয়ে উঠুক। সবরকম রক্ষাকবচও দেওয়া হচ্ছে সংবিধানে ধর্মনিরপেক্ষতার লক্ষ্যে। সুতরাং নিছক একটি শব্দ অন্তর্ভুক্ত করে ভারতের ভাবধারা প্রমাণ করার কিছু নেই। ভারত নীতিগতভাবেই সেকুলার।
পরবর্তীকালে সুপ্রিম কোর্টের দুটি মামলা সেকুলারিজম সম্পর্কে স্পষ্ট অভিমুখ নির্দিষ্ট করে দিয়েছিল। ১৯৭৩ সালে কেরল সরকার বনাম কেশবানন্দ ভারতী মামলায় সংবিধানে মূল ভিত্তি নিয়ে সর্বোচ্চ আদালত বলেছিল, সংবিধানের ধর্মনিরপেক্ষ ভাবধারা মূলগত ভিত্তি। যার কোনো বদল করা যাবে না। প্রস্তাবনার অংশগুলি সংবিধানের অন্তর্নিহিত অংশ। কোনওভাবেই বাতিলযোগ্য নয়। আবার ১৯৯৪ সালে বাবরি মসজিদ ধ্বংস পরবর্তী বিতর্কে এস আর বোম্মাই বনাম ভারত সরকার মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, সেকুলারিজম সর্বদাই ইতিবাচক সেকুলারিজম। রাষ্ট্রের কোনো ধর্ম নেই। সব ধর্মকে সমানভাবে বিচার করতে হবে। ‘সেকুলার’ শব্দটি সংবিধানের প্রস্তাবনা থেকে যদি বাদও দেওয়া হয়, তাহলেও কিন্তু সংবিধানের চরিত্র সেকুলারই থাকবে। কারণ, সংবিধানের ১৪, ১৫, ২৫ থেকে ২৮ এবং ৩০ নং ধারা স্পষ্টভাবে ধর্মনিরপেক্ষতাকেই প্রতিষ্ঠা করছে।
কিন্তু ১৯৭৬ সালে সংবিধানে ওই যে ‘সেকুলার’ অন্তর্ভুক্ত হল, সেখানেই কি একটি অধ্যায়ের জন্ম হল? নাকি ‘সেকুলার’শব্দ নিয়ে প্রবল বিতর্ক তারপর থেকে শুরু হল? হয়ত তাই। কিন্তু সংবিধানের এই ৪২তম সংশোধনে নিছক এই সংযোজনই একমাত্র নয়। এত বেশি সংবিধানকে বদলে দেওয়া হয়েছে যে, ৪২তম সংবিধান সংশোধনীকে ‘মিনি সংবিধান’ আখ্যা দেওয়া হয় সাংবিধানিক চর্চার পরিভাষায়।
এই ৪২তম সংশোধনীতে যে নতুন সংযোজন হল, সেগুলি হল:
১) সংবিধান সংশোধনীকে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না।
২) সংসদের সর্বোচ্চ ক্ষমতা থাকবে সংবিধানের সবরকম সংশোধন করার (সংবিধানের ৩৬৮ নং ধারার মধ্যে দুটি নতুন উপধারা যুক্ত করে)
৩) কেন্দ্রীয় সরকার কোনো আইন প্রণয়ণ করলে কোনো হাইকোর্ট সেইসব আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে যাচাই করতে পারবে না। পারবে একমাত্র সুপ্রিম কোর্ট। তাও আবার সাত সদস্যের বেঞ্চ পারবে সিদ্ধান্ত গ্রহণ করতে।
৪) রাষ্ট্র পরিচালনার যে কোনো নির্দেশমূলক নীতি (Directive Principle) বাস্তবায়ন করার জন্য সংসদে পাশ হওয়া যে কোনো আইনকে আদালত আর বাতিল করতে পারবে না।
একদিকে বিচারবিভাগের ডানা ছাঁটা হল। আবার অন্যদিকে, জনমনে এবং বিশ্ব দরবারে ইন্দিরা গান্ধী তাঁর প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে সেকুলার, সমাজতান্ত্রিক শব্দ সংবিধানে অন্তর্ভুক্ত করলেন। তিনি বিরোধীদেরও বার্তা দিচ্ছেন ততদিনে যে, সব বিরোধ, বিবাদ মুছে ফেলে আসুন আমরা আবার সকলে স্বাভাবিকতার দিকে ফিরে যাই। কিন্তু মুখে বললেই তো হবে না। তাবৎ বিরোধী নেতাদের তিনি জেলবন্দি করে রেখেছেন। সমস্ত গণতান্ত্রিক অধিকার খর্ব করে এখনও চলছে জরুরি অবস্থা। তাহলে তাঁকে বিশ্বাস করা হবে কেন? ততদিনে ইন্দিরা গান্ধী বিরোধীদের সঙ্গে সংঘাত কমিয়ে আনতে প্রথমে চরণ সিং-কে জেল থেকে মুক্তি দিয়েছিলেন। যদিও ১৯৭৫ সালেই কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ। কিন্তু তাঁর সঙ্গে আর ইন্দিরা গান্ধীর সম্পর্ক ভালো হবে না বলেই দু’পক্ষের ধারণা। এরপর একে একে অনেক বিরোধী নেতাই মুক্তি পেলেন। তবে অনেকে গৃহবন্দি। যেমন অটলবিহারী বাজপেয়ী
১ নং ফিরোজ শাহ রোডের বাংলোয় গৃহবন্দি।
১৯৭৬ সালে ওই সংবিধান সংশোধন করে দেশের সংবিধানে সেকুলার শব্দ প্রবেশ করিয়েই ইন্দিরা গান্ধী চাইলেন বিরোধীদের মধ্যে যাঁরা নরমপন্থী তাঁরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কীভাবে স্বভাবিকতায় ফেরা যায়, সেটা স্থির করুন। ৪ ডিসেম্বর বিজু পট্টনায়ক তাঁর দিল্লির আওরঙ্গজেব রোডের বাড়িতে একটি চা পানের আসন ডাকলেন। সেখানে হাজির চরণ সিং, ওম মেহতা, মহম্মদ ইউনুস ( ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ)। ওম মেহতা ছিলেন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকে বিজু পট্টনায়কের হাতে ছিল একটি নোট। সেটি নিয়ে আলোচনা হল যে, এই নোট দেওয়া হবে ইন্দিরাকে। সেখানে একঝাঁক শর্ত থাকছে। ওইসব স্বাধীনতার শর্ত পালিত হলে সংঘাতের অবসান হওয়া সম্ভব।
ওম মেহতা দেখা করলেন গৃহবন্দি বাজপেয়ীর সঙ্গে। ওম মেহতা বললেন, কয়েকটি শর্ত আছে। শর্ত ইন্দিরা গান্ধীর। কী শর্ত? সংঘ পরিবারের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এভিবিপি) হিংসা এখনও চালাচ্ছে। রেললাইন উপড়ে ফেলেছে। এসব বন্ধ করতে হবে। আর দুঃখপ্রকাশ করতে হবে। বাজপেয়ী বাস্তববাদী মানুষ। তিনি দেখলেন, ইন্দিরা গান্ধীর মনোভাব হল, নির্বাচনের পথে যাওয়া। তিনি চাইছেন, বিরোধীরা আন্দোলন, বিক্ষোভ, হিংসার পথ ছেড়ে যেন ভোটে মনোনিবেশ করে। বিরোধীরা শান্তির পথ নিলে তিনি ভোট ঘোষণা করবেন। বাজপেয়ী দেখলেন, এটা সুযোগ। দুঃখ প্রকাশে দোষের কিছু নেই। তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাধারণ সম্পাদক রাম বাহাদুর রাইকে বললেন, সেকথা। কিন্তু রাই রাজি নন। সেই আপত্তি অবশ্য উড়ে গেল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হস্তক্ষেপে। ১৯৭৬ সালের ২৯ ডিসেম্বর সংঘ পরিবারের বৈঠকে স্থির হল, সব বিরোধীকে মুক্তি দেওয়া হলে ইন্দিরা গান্ধীর শান্তির বার্তাকে স্বাগত জানানো হবে। আপত্তি নেই ইন্দিরারও। তিনি এরপর চন্দ্রশেখরের কাছে দূত পাঠালেন। চন্দ্রশেখর রাজি নিজেও কোনো নতুন করে বড়োসড়ো সরকার বিরোধী আন্দোলন করবেন না। আর অন্য বিরোধীরাও যাতে সেই পথেই হাঁটে সেই চেষ্টা করবেন।
ইন্দিরা গান্ধী দেখলেন, বিরোধীদের সেই তেজ ও ঝাঁঝ যেন নেই। তাঁর এক হাতে সংবিধান সংশোধন। ‘সেকুলার’ নামক এক প্রগতিশীল শব্দ। আর অন্য হাতে আত্মবিশ্বাস গোয়েন্দা রিপোর্টের। নির্বাচনে তিনি নাকি অন্তত ৩৪০ আসন পাবেন। কীসের ভয়? ১৯৭৭ সালের পয়লা জানুয়ারি ইন্দিরা গান্ধী মুখ্য নির্বাচন কমিশনার টি স্বামীনাথনকে ডাকলেন। বললেন, নির্বাচনের প্রস্তুতি নিন। স্বামীনাথন নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলেন না। অবশেষে গণতন্ত্র তাহলে ফিরছে? ভোট আবার হচ্ছে? ১৯৭৭ সালের ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন ঘোষণা করল নির্বাচনের দিনক্ষণ।
১৯৭৭ সালের ২০ মার্চ সন্ধ্যা থেকেই নির্বাচনের ফলাফল প্রকাশ হল। ২১ মার্চের মধ্যে ভারতকে স্তম্ভিত করল ভারতই। স্বাধীন ভারতে প্রথমবার লোকসভা ভোটে কংগ্রেসের পরাজয় ঘটল। দেড় বছর ধরে গণতন্ত্র হরণ করা ইন্দিরা গান্ধী সংবিধানে ‘সেকুলার’ উপহার দিয়েও শেষরক্ষা করতে পারলেন না। পরাজিত হলেন। ভোটে হারলেন বটে। কিন্তু তিনি কি পুরোপুরি হেরে গেলেন? না। কেন? কারণ তাঁর সংযোজিত সেকুলার শব্দ অবিচ্ছেদ্য হয়ে রইল সংবিধানে।
১৯৭৭ সালে জনতা সরকার ক্ষমতাসীন হয়ে ইন্দিরা গান্ধী সংবিধানে যে সংশোধনগুলি করেছিলেন, তার সবটাই আবার নতুন সংশোধন এনে বাতিল করে দিল! কিন্তু একটি বাদে। সেকুলার, সমাজতান্ত্রিক, শব্দগুলি কিন্তু জনতা সরকার বদলাতে সাহস পেল না! তারপর কত সরকার এল এবং গেল! সেকুলারিজম নিয়ে অনেক বিতর্ক, সংঘাত, বিবাদ হয়ে চলল। সেকুলার শব্দটি অনেক সময় বিদ্রুপের শিকার হয়। ওই শব্দ সংবিাানে অন্তর্ভুক্ত করার জন্য সমালোচনা করা হয়। কিন্তু কই! আজ পর্যন্ত কোনো সর্বশক্তিমান সরকারও তো পারল না শব্দটি সংবিধান থেকে সরিয়ে দিতে!
ইন্দিরা গান্ধীর চালু করা ৪২ তম সংবিধান সংশোধন অনেকাংশে বাতিল করা হয়েছে। অথচ ‘সেকুলার’ বহাল রইল সংবিধানে। কেন? কারণ শব্দটি বহুত্ববাদী ভারতের সহজাত আত্মা! সংবিধানে অন্তর্ভুক্ত না হলেও ভারত সেকুলার ছিল। মুছে দিলেও অন্তর থেকে সেটাই থাকবে। ভারতের সংবিধানে একটি গুরুত্বপূর্ণ বাক্য রয়েছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। কিন্তু ভারতের সাংস্কৃতিক সামাজিক অস্তিত্বে হয়ত একটি অঘোষিত মন্ত্রও রয়েছে, ‘ইন্ডিয়া, দ্যাট ইজ সেকুলার!’
• গ্রাফিক্স সোমনাথ পাল
• সহযোগিতায় : সত্যেন্দ্র পাত্র



