নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীত বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে দক্ষিণবঙ্গে। গত দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে থাকার পর, ফের তা বাড়তে শুরু করেছে। আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম থাকলেও তা পৌঁছে গিয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে! আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবারের পর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা খুব একটা নেই। অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি থেকে যে শীতের আমেজ শুরু হয়েছিল তা কেটে যাওয়ার সম্ভাবনা চলতি সপ্তাহেই। আর আজ-কাল সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উর্ধ্বমুখী হবে।
দক্ষিণবঙ্গরে জেলাগুলিতে উত্তুরে হাওয়ার জেরে রাত ও ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকবে। আগামী দু-দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা পশ্চিমের বেশিরভাগ জেলার তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বর্ধমান ও নদীয়াতে ভোরের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা থাকলেও বাকি জেলাতে হালকা কুয়াশার পূর্বাভাস থাকছে।
উত্তরবঙ্গের সব জেলারই বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী চার-পাঁচ দিন। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। মালদহ-সহ উত্তরের সমতলের দিকের জেলাতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।