Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

নিরাপত্তা খতিয়ে দেখলেন নগরপাল

লালকেল্লায় বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার চাদরে মুড়ছে ইডেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট উপলক্ষে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। মঙ্গলবার বিকেলে নগরপাল মনোজ কুমার ভার্মার নেতৃত্বে পুলিশবাহিনী খতিয়ে দেখে ইডেনের সুরক্ষাব্যবস্থা

নিরাপত্তা খতিয়ে দেখলেন নগরপাল
  • ১২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লালকেল্লায় বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার চাদরে মুড়ছে ইডেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট উপলক্ষে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। মঙ্গলবার বিকেলে নগরপাল মনোজ কুমার ভার্মার নেতৃত্বে পুলিশবাহিনী খতিয়ে দেখে ইডেনের সুরক্ষাব্যবস্থা। তারপর স্পেশাল টাস্ক ফোর্স, ইনটেলিজেন্স শাখা, ময়দান থানাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। প্রত্যেক দর্শককে মেটাল ডিটেক্টরে চেক করা হবে। সিএবি’র তরফে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পুলিশকে।

Advertisement

জানা গিয়েছে যে টেস্ট চলাকালীন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইডেনের আশপাশের সমস্ত রাস্তাও বন্ধ থাকবে। ওই সময় পণ্যবাহী গাড়িও চলবে না। গোষ্ঠ পাল সরণিতে যথারীতি নিষিদ্ধ থাকছে পার্কিং। মঙ্গলবার থেকেই অবশ্য ইডেন চত্বরে জোরদার নিরাপত্তা। এদিন অনুশীলন চলাকালীন গ্যালারিতে দেখা গেল বাড়তি পুলিশ। কয়েকদিন আগে বাংলার রনজি ম্যাচে এক ক্রিকেটপ্রেমী মাঠে ঢুকে পড়েছিলেন। সেই ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার জন্য তৎপর প্রশাসন। 
দীর্ঘ ছয় বছর পর ইডেনে হচ্ছে টেস্ট। স্বাভাবিকভাবেই ময়দানে তীব্র উৎসাহ। ভারতের টিমবাস ঘিরে ক্রিকেটপ্রেমীদের চেনা উন্মাদনাই ধরা পড়েছে। শুভমান গিল, যশপ্রীত বুমরাহদের নাম ধরে উঠেছে গর্জন। এমনকী, পড়ন্ত বিকেলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেখার জন্যও ইডেনের সামনে ছিল ভিড়। টিকিটের চাহিদাও তুঙ্গে। এই টেস্টে বিক্রির জন্য রাখা ৩৪ হাজার টিকিট নিঃশেষিত। আশা করা হচ্ছে, এর থেকে প্রতিদিন অন্তত ৩০ হাজার ক্রিকেটপ্রেমী আসবেনই। এরসঙ্গে যোগ হবে কমপ্লিমেন্টারি টিকিটের দর্শক। প্রথম তিনদিন তাই ‘হাউসফুল’ থাকতেই পারে গ্যালারি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ