রাজ্য সরকারের কাছে একাধিক দাবি মতুয়াদের
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: একাধিক দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হল মতুয়া সম্প্রদায়। শনিবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের কাছে একাধিক দাবি তুলে ধরেন মমতা ঠাকুর গোষ্ঠীর অল ইন্ডিয়া মতুয়া সংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী। দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Advertisement

মতুয়াদের পক্ষ থেকে এদিন দাবি করা হয়, হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি হলেও এখনও স্থায়ী ভবন হয়নি। দ্রুত ভবন তৈরি, ঠাকুরনগর হাসপাতালকে রাজ্য সাধারণ হাসপাতালে রূপান্তরিত করা, ঠাকুরবাড়িতে পান্থশালা তৈরি, বারুণি মেলাকে জাতীয় মেলা ঘোষণা সহ একাধিক দাবি জানানো হয়েছে। সুকেশবাবু বলেন, ‘আমরা আশাবাদী মুখ্যমন্ত্রী বিষয়গুলি বিবেচনা করবেন।’ এদিন মতুয়া সম্প্রদায়ের মানুষরা দাবি করেছেন, রাজ্যে ৬৫টিরও বেশি বিধানসভা আসনের হার-জিতে নির্ণায়ক ভূমিকা নেন তাঁরা। তবুও তাঁদের প্রতিনিধি হিসেবে বিধায়ক সেভাবে নেই। আগামী নির্বাচনে মতুয়াদের মধ্যে থেকে কয়েকজনকে প্রার্থী করার আবেদন।

অন্যদিকে এদিন বারুণি মেলার আয়োজন নিয়ে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর গোষ্ঠীর সদস্যরা প্রস্তুতি সভা করেন। সভায় মমতা ঠাকুর গোষ্ঠীর সদস্যদের ডাকা হয়নি বলে অভিযোগ। শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া সংঘের সাধারণ সম্পাদক সুখেন গাইন বলেন, ‘আমরা সকলে মিলে একত্রে মেলা করার পক্ষে। সকলকেই ডাকা হয়েছিল এই সভায়।’