Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

টিকিটের সর্বনিম্ন দর হাজার টাকা! ইন্টার কাশীর বেনজির সিদ্ধান্তে বিস্মিত ইস্ট বেঙ্গল শিবির

টিকিটের সর্বনিম্ন দর হাজার টাকা! ইন্টার কাশীর বেনজির সিদ্ধান্তে বিস্মিত ইস্ট বেঙ্গল শিবির
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেলো কড়ি মাখো তেল। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ধুন্ধুমার ম্যাচে নামার আগে ঝোপ বুঝে কোপ মারতে চলেছে ইন্টার কাশী ম্যানেজমেন্ট। সূত্রের খবর, টিকিটের ন্যূনতম দাম এক হাজার টাকা রাখতে চলেছে ইন্টার কাশী কর্তৃপক্ষ। ভিআইপি টিকিটের মূল্য আরও বেশি। এরপরেই তীব্র বিতর্ক দানা বাঁধছে। আসলে সাধারণ দর্শকের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে বাংলায় হোম গ্রাউন্ড বানানো ইন্টার কাশী। এমনিতেই আর্থিক সমস্যায় ভুগছে তারা। এই সুযোগে কোষাগার ভরানোই লক্ষ্য। বৃহস্পতিবার আইএসএলের যবনিকা পতন। ট্রফি জিততে ফুঁসছে লাল-হলুদ জনতা। কিন্তু কিশোর ভারতীর ছোটো স্টেডিয়ামে আসন সংখ্যা যুবভারতীর তুলনায় অনেকটাই কম। মেরেকেটে ১০ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। আর তা বুঝেই ফায়দা লুটতে চাইছে কাশী। ভারতীয় ফুটবলে হাজার টাকা দাম টিকিট এককথায় বেনজির। কিন্তু এই ম্যাচের আয়োজক ইন্টার কাশী। অর্থাৎ ইস্ট বেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ। তাই তাদের কত টিকিট দেওয়া হবে তাও পরিষ্কার নয়। ইস্ট বেঙ্গলকে পুরো টিকিট কিনে নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে ঘুরিয়ে। সমাধানসূত্র বার করতে মঙ্গলবার ফের একদফা বৈঠকে বসতে পারে দুই পক্ষ। কিন্তু বরফ গলবে কি? ফেডারেশনের কার্যনির্বাহী সচিব সত্যনারায়ণ বললেন, ‘টিকিটের দাম ফেডারেশন ঠিক করে না। এটা পুরোপুরি আয়োজক ক্লাবের সিদ্ধান্ত।’

Advertisement

এদিকে, বৃহস্পতিবারের মেগা ম্যাচের আগে ইস্ট বেঙ্গল তাঁবু জুড়ে সাজো সাজো রব। জায়ান্ট স্ক্রিন বসানোর পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের। পুরোটাই অনুমতি সাপেক্ষ। পাশাপাশি, এডমুন্ড লালরিনডিকাকে  খেলাতে মরিয়া ইস্ট বেঙ্গল থিঙ্কট্যাঙ্ক। ডার্বিতে লাল কার্ড দেখায় শেষ ম্যাচে নেই এডমুন্ড। এদিন ফেডারেশনকে ই-মেল করে তা মকুব করার অনুরোধ করেছে ইস্ট বেঙ্গল।

Advertisement
সম্পর্কিত সংবাদ