প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের  সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ প্রয়াত। সোমবার দুপুর ১২টা ১৩ মিনিটে বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯০ বছর। শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লেখেন, আধ্যাত্মিক সাধনা, ত্যাগ ও মানবসেবার আদর্শে মহারাজের জীবন অগণিত মানুষের কাছে চিরকাল প্রেরণা হয়ে থাকবে। আজ, মঙ্গলবার বৃন্দাবনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ১৯৩৬ সালের ১ জুলাই কেরলের এর্নাকুলাম জেলায় জন্ম ভজনানন্দজির। ১৯৬১ সালে বেঙ্গালুরু মঠে সংঘে যোগ দেন। ১৯৭১ সালে স্বামী বীরেশ্বরানন্দজির কাছে সন্ন্যাস গ্রহণ করেন। পরবর্তী সময়ে আট বছর সংঘের ইংরেজি মুখপত্র ‘প্রবুদ্ধ ভারত’-এর সম্পাদক ছিলেন। ১৯৯২ সালে মঠ ও মিশনের সহকারী সম্পাদক নিযুক্ত হয়ে টানা ২৫ বছর দায়িত্ব সামলান। ২০২২ সালের এপ্রিলে সহ-সভাপতি নির্বাচিত হন। প্রায় তিন দশক বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের আচার্য ছিলেন তিনি। যোগসূত্র, বেদান্ত ও তুলনামূলক ধর্ম বিষয়ে পাঠদান করতেন। সংস্কৃত, হিন্দু শাস্ত্র ও খ্রিস্টীয় ধর্মতত্ত্বে তাঁর গভীর পাণ্ডিত্য ছিল। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘দ্য লাইট অব দ্য মডার্ন ওয়ার্ল্ড’ এবং ‘যোগ অব মেডিটেশন’। তাঁর প্রয়াণে রামকৃষ্ণ সংঘের পাশাপাশি ভক্তের মধ্যে শোকের ছায়া নেমেছে।-নিজস্ব চিত্র

Advertisement