কিউয়িদের বিরুদ্ধে আজ সিরিজের শেষ টি-২০, চর্চার কেন্দ্রে বৈভব, জয়ের ছন্দে ফেরাই লক্ষ্য টিম ইন্ডিয়ার
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হ্যামিলটন: অকল্যান্ডে কিউয়িদের কাছে দুরমুশ হওয়ার বদলা কি নিতে পারবে শ্রেয়স আয়ার ব্রিগেড? রবিবার সিডন পার্কে টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তা নিয়েই। একই সঙ্গে চোখ থাকবে ভারতের প্রথম এগারোয়। বৈভব সূর্যবংশীকে কি এদিনও ডাগ আউটে বসিয়ে রাখবেন প্রধান কোচ গৌতম গম্ভীর? কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, শিবম দুবেদের ঠিকানা কি যথারীতি ড্রেসিং-রুমই থাকবে? চার বছর পর প্রত্যাবর্তনকারী ভুবনেশ্বর কুমারকেও কি এই ম্যাচেও বাইরে রাখা হবে? 

Advertisement

এমনিতে টি-২০ সিরিজ আগেই পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে প্রথম তিনটি ম্যাচেই হারিয়ে দেয় সফরকারী দল। তবে শুক্রবার ইডেন পার্কে গ্লেন ফিলিপসের মারকুটে শতরান ও ভারতীয় ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়েছে ৮৭ রানে। কুড়ি ওভারের ঘরানায় যা রীতিমতো বড়ো ব্যবধান। সিরিজের শেষ ম্যাচে তার শোধ নেওয়াই এখন লক্ষ্য দলের। কারণ, এরপরই শুরু পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ। তার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চাইবে ভারত।
তবে বেশ কিছু উদ্বেগের জায়গা রয়েছে। সঞ্জু স্যামসন যেমন এই সিরিজে চারবার ক্রিজে গিয়ে মাত্র একবার বড়ো রান পেয়েছেন। শেষ তিন ইনিংসে তাঁর স্কোর যথাক্রমে ১৪, ১৮ ও ৪। বৈভবকে খেলাতে গেলে তাঁকে বসানো ছাড়া উপায় নেই। কিন্তু টিম ম্যানেজমেন্টের প্রবল আস্থা সঞ্জুর উপর। তাই দিনের পর দিন অবিচারের শিকার হতে হচ্ছে বিস্ময় প্রতিভাকে। ক্যাপ্টেন শ্রেয়সও অনেকদিন ধরেই রানের খোঁজে। শেষ আট ইনিংসে তাঁর রান যথাক্রমে ৪০, ১, ১৬, ২২, ৪২, ৭, ৫, ২২। মিডল অর্ডারে তিনি নিশ্চয়ই চাইবেন ভরসার প্রতীক হয়ে উঠতে। গত ম্যাচে ঈশান কিষান তিন বলের বেশি স্থায়ী হননি।
বোলিংয়ে গত ম্যাচে আড়াইশোর বেশি রান উপহার দিয়েছে ভারত। উইকেটের জন্য অর্শদীপের উপর বাড়তি নির্ভরশীল দেখাচ্ছে শিবিরকে। এই সিরিজে তিনিই একমাত্র ভারতীয় বোলার যাঁর ইকনমি রেট দশের নীচে। অকল্যান্ডে স্পিডস্টার মায়াঙ্ক যাদব তিন উইকেট নিলেও ওভারপ্রতি ১২ রান খরচ করেন। নীতীশ কুমার রেড্ডির অবস্থা আরও খারাপ। চার ওভারে তিনি দেন ৬৪। এই পরিস্থিতিতে বোলিং লাইন আপে পরিবর্তনের সম্ভাবনা যথেষ্টই। মিচেল স্যান্টনারের দল অবশ্য শেষ ম্যাচ জিতে রীতিমতো তরতাজা। সিরিজ ২-৩ করাই টার্গেট হোমটিমের।