নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মরশুমে হাবাস ব্রিগেডের পাশাপাশি ইস্ট বেঙ্গলের মহিলা দলও এএফসি’র স্লট পেয়েছে। উওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে রবিবার মাঠে নামছে অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। কিশোর ভারতী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ভিয়েতনামের হো চি মিন সিটি। ম্যাচের আগে কোচ অ্যান্ড্রুজের মন্তব্য, ‘আন্তর্জাতিক মঞ্চে দেশের সম্মান জড়িত। ফুটবলাররা তাই বাড়তি অনুপ্রাণিত। সবাই সেরাটা উজাড় করে দিতে তৈরি।’ উল্লেখ্য, মালয়েশিয়ার গুয়ামে অনুষ্ঠেয় প্রাথমিক রাউন্ডে চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে পা রেখেছে লাল-হলুদের মহিলা দল।
মহিলা ফুটবলে গত দুই মরশুমে একাধিপত্য দেখিয়েছে লাল-হলুদের প্রমীলা বাহিনী। সৌম্যা, আশালতা, ফাজিলা, রেস্টিরা মহিলা লিগে দু’বারের চ্যাম্পিয়ন। পাশাপাশি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে এশিয়া কোটার ফুটবলার রাখা বাধ্যতামূলক। তাই স্কোয়াড শক্তিশালী করতে জাপানের তানাকাকে সই করিয়েছে টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠে খেলার সুযোগ পেলেও গ্রুপ রীতিমতো কঠিন। ভিয়েতনামের হো চি মিন সিটিতে জাতীয় দলের বেশ কয়েকজন তারকা রয়েছেন। উত্তর কোরিয়ার এপ্রিল ২৫ স্পোর্টস ক্লাব ও দক্ষিণ কোরিয়ার হুয়ানচিওন কেএসপিও দারুণ শক্তিশালী। তবে বিশেষজ্ঞদের ধারণা, হো চি মিন সিটিকে বশ মানাতে পারলে পরের রাউন্ডে ওঠার দৌড়ে থাকবে ইস্ট বেঙ্গল।



