চেলসি- ২ : ম্যান ইউ- ০
লন্ডন: মরশুম আসে, মরশুম যায়, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খারাপ সময় যেন আর কাটতে চায় না। স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর অধরা প্রিমিয়ার লিগ। গত কয়েক বছর একাধিক কোচ পরিবর্তন করেও লাভের লাভ কিছু হয়নি। চলতি মরশুমের শুরুতেই একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে ফের একবার খাদের কিনারায় দাঁড়িয়ে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। শনিবার চেলসির কাছে দল ০-২ গোলে হারতেই কোচ মাইকেল ক্যারিকের ভবিষ্যৎ ঘিরে দেখা দিল বড়োসড়ো প্রশ্নচিহ্ন। কোচ বদলের দাবিতে সরব একাধিক প্রাক্তনী। পরবর্তী কোচ হিসাবে নাম ভাসছে জার্মানির জুলিয়ান নাগেলসম্যানের।
স্টামফোর্ড ব্রিজে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেন ব্রুনো ফার্নান্ডেজরা। তবে ঘরের মাঠে চেলসিও ছিল চেনা ছন্দে। প্রথমার্ধে দু’দলই একবার করে জাল কাঁপালেও, ভারের সাহায্যে তা বাতিল হয়। বিরতির পর অবশ্য কাঙ্ক্ষিত লিড নেয় দ্য ব্লুজ। ৫০ মিনিটে মাঝমাঠে বল ধরে গতি বাড়িয়ে একক দক্ষতায় জাল কাঁপান মরগ্যান রজার্স (১-০)। এই ধাক্কা সামলে ওঠার আগেই পেনাল্টি হজম করে ম্যান ইউ। এক্ষেত্রে অহেতুক বক্সের মধ্যে প্রতিপক্ষ ফুটবলারকে কনুইয়ের আঘাতে ফাউল করে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন লিসান্ড্রো মার্তিনেজ। স্পটকিক থেকে জাল কাঁপাতে ভুল করেননি কোল পামার (২-০)। আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতায় পিছিয়ে পড়তেই আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি ম্যান ইউ। এই হরের পর টেবিলে ১৭ নম্বরে রয়েছে ক্যারিকের দল (৯ ম্যাচে ৭ পয়েন্ট)। আর চতুর্থস্থানে চেলসি (১৬ পয়েন্ট)।
এদিকে, ম্যাঞ্চেস্টার সিটিও শনিবার ইপিএলে হারের মুখ দেখল। ব্রাইটনের কাছে ০-১ ব্যবধানে বশ মানেন আর্লিং হালান্ডরা। ম্যাচের একমাত্র গোলটি ইয়াসিন আইয়ারির। তবে হারের পরও শীর্ষস্থান ধরে রেখেছে ম্যান সিটি (৯ ম্যাচে ২১ পয়েন্ট)।



