সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্রাবণ মাসের শেষ সোমবার উৎসবের চেহারা নিল উলুবেড়িয়া। গঙ্গায় স্নান সেরে বাঁকে করে জল নিয়ে দল বেঁধে মন্দিরে পুজো দিতে গেলেন পুণ্যার্থীরা। এদিন ভক্তদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে শতাব্দী প্রাচীন উলুবেড়িয়ার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি। ভোর থেকেই বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে দলে দলে মানুষ আসেন কালীবাড়িতে। অনেকে আবার হাঁটা দেন শিবমন্দিরের উদ্দেশ্যে। এদিন কালীবাড়িতে ব্যাপক ভিড় হওয়ায় পুলিসের পক্ষ থেকে লকগেট মোড় থেকে কালীবাড়ি পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। তবে এদিন ফুলের দাম ছিল আকাশছোঁয়া। বিশেষ করে আকন্দ ফুলের মালা কিনতে গিয়ে বেগ পেতে হয় সাধারণ মানুষকে। তাদের অভিযোগ শ্রাবণ মাসের প্রথম থেকেই এক একটি আকন্দ ফুলের মালা খোলা বাজারে বিক্রি হয়েছে ৪০/৫০ টাকা দামে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। বিক্রেতাদের দাবি, গত কয়েকদিন ফুলের দাম কিছুটা কম থাকলেও এদিন ফের দাম বেড়েছে।



