নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্যামামায়ের আরাধনায় আজ সোমবার মাতবে গোটা বাংলা। এই পবিত্র তিথিতে দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে মায়ের দর্শন পেতে অধীর আগ্রহে অপেক্ষ করছেন লাখ লাখ ভক্ত। কালীমায়ের আরাধনায় এই বিরাট সংখ্যক মানুষকে সহজে মন্দিরে পৌঁছে দিতে আজ স্পেশাল মেট্রো চালাবে রেল। মূলত রাতের দিকে মায়ের পুজো শুরু হয়। তাই শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে আজ দিনের শেষ মেট্রো পরিষেবা প্রায় দেড় ঘণ্টা পিছিয়ে যাচ্ছে। সপ্তাহের অন্যান্য কাজের দিনে শহিদ ক্ষুদিরাম থেকে রাত ৯টা ৩৩ মিনিটে শেষ মেট্রো ছাড়ে। আজ এই প্রান্তিক স্টেশন থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে দিনের শেষ মেট্রো রেক ছাড়বে রাত ১১টায়। উলটো দিকে, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে যাত্রীরা দিনের অন্তিম মেট্রো পরিষেবা পাবেন রাত ১০টা ৫১ মিনিটে। পাশাপাশি আজ দিনের প্রথম মেট্রো একইভাবে ১ ঘণ্টা পিছিয়ে দুই প্রান্ত থেকে সকাল ৮টায় যাত্রা শুরু করবে। এদিকে, হাওড়া মদয়ান ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে আজ দিনের শেষ মেট্রো মিলবে রাত পৌনে ১০টায়। সকাল ৮টায় গঙ্গাবক্ষে মেট্রো পরিষেবা শুরু হবে।



