Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আটত্রিশেও নির্ভীক হুঙ্কার জোকারের

ঝুলিতে ঝলমল করছে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম। পুরুষদের সিঙ্গলসে সর্বাধিক মেজর খেতাবের মালিক তিনি

আটত্রিশেও নির্ভীক হুঙ্কার জোকারের
  • ১৮ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেলবোর্ন: ঝুলিতে ঝলমল করছে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম। পুরুষদের সিঙ্গলসে সর্বাধিক মেজর খেতাবের মালিক তিনি। অথচ শেষ দু’বছর মেগা মঞ্চে তাঁর প্রাপ্তির ভাঁড়ার শূন্য! ২০২৩ সালে ইউ এস ওপেন জয়ের পর আর গ্র্যান্ড স্ল্যাম ট্রফি ছোঁয়া হয়নি নোভাক জকোভিচের। কোর্টে এখন রাজ করছেন কার্লোস আলকারাজ ও জানিক সিনার। গতবছরের চারটি গ্র্যান্ড স্ল্যাম নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন দুই উদীয়মান তারকা। তাঁদের তারুণ্য ও স্ট্যামিনার সামনে দ্রুত আলগা হচ্ছে জোকারের পায়ের তলার মাটি। ৩৮ বছর বয়সি সার্বিয়ান কিংবদন্তি তবুও হাল ছাড়তে নারাজ। অস্ট্রেলিয়ান ওপেনে অভিযান শুরু করার আগে জকোভিচ সাফ জানিয়েছেন, ‘আলকারাজ আর সিনারকে নিয়ে কম আলোচনা করাই ভালো। সবাই জানে, এই মুহূর্তে ওরাই সেরা। অবশ্য তার মানে এই নয় যে, অন্য কারও সুযোগ নেই।’ একটু থেমে তাঁর সংযোজন, ‘হয় এবার না হয় কখনওই নয়— এই মানসিকতা নিয়ে খেলতে নামব। সেরাটা উজাড় করে দেব। তারপর যা আছে কপালে। সাফল্য আসুক বা না আসুক, কোনও আক্ষেপ নেই আমার। কারণ ২৪ সংখ্যাটাও তো নেহাত কম নয়!’

Advertisement

২০২৫ অস্ট্রেলিয়ান ওপেনে আলকারাজকে হারিয়েও শেষরক্ষা হয়নি জকোভিচের। চোটের জন্য শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে সরে যেতে হয়েছিল তাঁকে। তাছাড়া শেষবার তিনি প্রতিযোগিতা মূলক টেনিস খেলেছেন গত বছরের নভেম্বরে। তারপর চোটের জন্য রিহ্যাব করতে সময় নিয়েছেন। তাই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে জোকারের লড়াইটা সহজ নয়। চতুর্থ বাছাই সার্বিয়ান তারকা অভিযান শুরু করবেন পেদ্রো মার্টিনেজের বিরুদ্ধে। ঐতিহাসিক রড লেভার এরিনায় রবিবার নজর থাকবে কার্লোস আলকারাজের দিকেও। কেরিয়ারের সপ্তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে আসরে নামবেন শীর্ষ বাছাই স্প্যানিশ তারকা। প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার অ্যাডাম ওয়ালটন।

এদিকে, শনিবার মেলবোর্ন পার্কে প্রদর্শনী ডাবলস ম্যাচ খেললেন রজার ফেডেরার। এছাড়াও ডাবলস ম্যাচে নামলেন আন্দ্রে আগাসি, অ্যাশলে বার্ডি, প্যাট্রিক র‌্যাফটার। গ্যালারিতে উপস্থিত ছিলেন কিংবদন্তি রড লেভার।

Advertisement
সম্পর্কিত সংবাদ