নায়ক ম্যাকাই, সঙ্গী আলবার্তো
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী, কলকাতা: লাচেনপার বাধা টপকে বল জালে জড়াতেই সাইড লাইনে দৌড়ালেন জেমি ম্যাকলারেন। কর্নার ফ্ল্যাগ তুলে গলফ খেলার ভঙ্গি! বল নয়, আবেগ উড়ল মোহন বাগান গ্যালারিতে। সেখানে তখন উৎসব চলছে। উত্তাল মোহন জনতার উল্লাসে কাঁপছে যুবভারতী। ডার্বির রং যে আবার সবুজ-মেরুন! মহারণ জেতালেন ম্যাকা। রক্ষণে খিল আঁটলেন ম্যাচের সেরা আলবার্তো। টানা হাফ-ডজন ম্যাচ জিতে তরতর করে এগিয়ে চলেছে পালতোলা নৌকা।

Advertisement

ডার্বি জিতে শীর্ষস্থান আরও মজবুত! মোহন বাগান শিবির এখন উৎসবমুখর। ম্যাচের পর নাচতে নাচতে মাঠ ছাড়ছিলেন মেহতাব-টাংরিরা। ম্যাচের একমাত্র গোলদাতা ম্যাকলারেন বলছিলেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ লাগছে। আর সেলিব্রেশনটা গলফের। গতবার বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে গলফ খেলছিলাম। তখনই বলেছিলাম, ডার্বিতে গোল পেলে এভাবে সেলিব্রেট করব। জয়ের কৃতিত্ব গোটা দলের।’
প্রথমার্ধে অবশ্য দুই প্রধানই খোলসে গুটিয়ে ছিল। গ্রিক-স্প্যানিশ কোচের টেকনিক্যাল ডুয়েল বিরতির আগে তেমন জমেনি। শুরুতেই ড্র্যাজিচের ফ্রি-কিক থেকে রাহুল ভেকের শট লাল-হলুদ রক্ষণে প্রতিহত হয়। এইসময় আলবার্তো, শুভাশিসরা ওভারল্যাপে এসে চাপ তৈরির চেষ্টায় ছিলেন। কিন্তু সিঙ্গল স্ট্রাইকার ম্যাকাকে বল বাড়াবেন কে? মোহন বাগান মাঝমাঠ শ্রমিক ফুটবলারে ছয়লাপ। থ্রু পাস ডোডোপাখির মতো বিরল। এরইমধ্যে, রামিরেজের পাস ধরে বক্সে ঢুকে জোরালো শট নিয়েছিলেন ডেভিড। শরীর ছুড়ে নিশ্চিত বিপদ বাঁচান আলবার্তো। বড়ো চেহারা ব্যবহার করে দাপট দেখালেন স্প্যানিশ ডিফেন্ডার। হাইড্রেশন ব্রেকের ঠিক আগে প্রথমার্ধের সহজতম সুযোগ নষ্ট করেন অনিরুদ্ধ থাপা। এক্ষেত্রে শুভাশিসের মাইনাস পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাইরে মারেন তিনি। এর মিনিট পাঁচেকের মধ্যে মেহতাব ও বিশালের ভুল বোঝাবুঝিতে বিপদ ডেকে এনেছিল। কিন্তু জয় গুপ্তার শট পোস্টের বাইরের দিকে ধাক্কা খায়। সহজ পরিস্থিতি পা-ছাড়া করতে তাঁর জুড়ি নেই। অর্ধেকটা শৌমিক দে থাকলেও বর্তে যেতেন হাবাস। বিরতির আগে ইস্ট বেঙ্গল জ্বলে উঠলেও কাজের কাজ হয়নি। তবে প্রথমার্ধে রক্ষণ জমাট রেখে নিজের লক্ষ্যে সফল হাবাস। ফ্লানেলের মতো সিস্টেমে ধাক্কা খেলেন ম্যাকা। উইং থেকেও বা আক্রমণ হল কোথায়? ছাংতে, ড্র্যাজিচদের ঝাঁকুনিও ভ্যানিশ। 
নির্বিষ ফুটবলের জন্য তাদের রাখা হয় না। সেটা উপলব্ধি করেই বোধহয় একটু গা ঝাড়া দিলেন ছাংতে। বিরতির পর তাঁর মাইনাস বাইরে মারেন মেহতাব। এই সময় মনবীর ও ড্রাজিচের বদলে যথাক্রমে জেলকোভিচ ও লিস্টনকে নামিয়ে দেন পানোস। ৬৭  মিনিটেই ম্যাকলারেনের গোল (১-০)। ম্যাচের পর মোহন বাগান ডাগ-আউটের পাশাপাশি রেফারির দিকে তেড়ে গেলেন হাবাস। অন্যদিকে, সাংবাদিক সম্মেলনে পানোসের মন্তব্য, ‘হারকে মেনে নিতে হয়।’ মাঠের বাইরেও স্প্যানিশ কোচকে টেক্কা দিয়ে গেলেন সুদর্শন গ্রিক। ম্যাচের পর মাঠে ঢুকে কোচ-ফুটবলারদের অভিনন্দন জানান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
ইস্ট বেঙ্গল: লাচেনপা, লালচুংনুঙ্গা, জিকসন, সন্দীপ, জয়, রোহিত, রশিদ, রামিরেজ (লুকাস), বিপিন, লোবা (বিষ্ণু) ও ডেভিড।
মোহন বাগান: বিশাল, মেহতাব, আলবার্তো, রাহুল, শুভাশিস, অনিরুদ্ধ (সাজি), আপুইয়া (টাংরি), ড্র্যাজিচ (লিস্টন), ছাংতে, মনবীর (জেলকোভিচ) ও ম্যাকলারেন (আরউইন)।