শীতের নভেম্বরে ডার্বির উত্তাপ, ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজই সম্বল ইস্ট বেঙ্গলের
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী, কলকাতা: ‘জানেন, আইএসএলে একটাও ডার্বি জেতেনি ইস্ট বেঙ্গল?’ প্রশ্ন শুনেই একে লোবা বিস্মিত। বললেন, ‘ইজ ইট? লেটস সি।’ অন্ধকারে ধক করে জ্বলে উঠল আইভরি কোস্টের বিদেশির চোখ। রাজারহাট সেন্টার অব এক্সেলেন্সের বাইরে তখন অনুরাগীদের ভিড়ে বন্দি রশিদ। ‘ইস্ট বেঙ্গল আন্ডারডগ’ শুনে প্যালেস্তাইন মিডিওর মন্তব্য, ‘ঠিক আছে, দেখা যাবে।’ চোয়াল শক্ত রশিদের। রবিবারের বড়ো ম্যাচে ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজই ইস্ট বেঙ্গলের সম্বল। ঠিক ঝড়ের আগের পূর্বাভাস। হাবাস কি পারবেন বারুদের সলতেয় দেশলাই কাঠি জ্বালাতে?

Advertisement

যুবভারতীর বদলে এখন রাজারহাটেই অনুশীলন সারে ইস্ট বেঙ্গল। ডার্বির দু’দিন আগে দেখা গেল, উইং নিয়ে দীর্ঘ সময় ব্যয় করলেন লাল-হলুদ সারথি। আসলে বিপিন, বিষ্ণু, দানুর মতো দ্রুতগতির উইং হাফ তাঁর সম্পদ। প্রয়োজনে ডেভিডও উইং থেকে কাট করে ঢুকতে পারেন। ডুরান্ড ফাইনালে প্রান্তিক আক্রমণে ঝড় তুলেছিল হাবাস ব্রিগেড। সুপার সানডেতেও একই রাস্তায় হাঁটতে চান স্প্যানিশ কোচ। তবে অজি ফুটবলার ক্রিস ইকোনমিডিসের হ্যামস্ট্রিংয়ে চোট। ডার্বিতে তাঁকে পাওয়ার আশা ক্ষীণ। সেক্ষেত্রে মাঝমাঠ জমাট করে প্রতি-আক্রমণে উঠতে চায় ইস্ট বেঙ্গল। তবে মুদ্রার অন্য পিঠও আছে। উইং হাফরা ভরসা জোগালেও চিন্তার কারণ দুই উইং ব্যাক। জয় গুপ্তা ও হার্দিক ভাট নড়বড়ে। ডিফেন্সিভ কোয়ালিটি পোক্ত নয়। কিন্তু হাবাসের হাতে বিকল্পের অভাব। বরিস সিং থাকলেও তাঁকে মনে ধরেনি লাল-হলুদ কোচের। না খেলে খেলে বরিসের আত্মবিশ্বাস তলানিতে। হঠাৎ করে ডার্বিতে নামানো মানে হরিণ শিশুকে ক্ষুধার্ত বাঘের সামনে ফেলা। বাধ্য হয়ে নরেন্দ্র গেহলটকে ব্যবহারের ভাবনাও রয়েছে থিঙ্কট্যাঙ্কের। এদিন দীর্ঘক্ষণ রক্ষণের শেপ তৈরিতে ব্যস্ত রইলেন হাবাস। প্রয়োজনে তিন ডিফেন্ডারের ফর্মেশনে হাঁটলেও অবাক হওয়ার থাকবে না। বোঝা যাচ্ছে লিস্টন, মনবীর, ড্র্যাজিচদের রোখার টোটকা বার করার মরিয়া চেষ্টা করছেন অভিজ্ঞ কোচ। ক্লোজ মার্কিংয়ে জোর দেওয়া হচ্ছে। এদিকে, ক্রোট ডিফেন্ডার জিভুলিচও পুরো ফিট নন। শুক্রবার কোচের সঙ্গে কথা বলে রিহ্যাব করলেন তিনি। আসলে টানা খেলার ফলে ধকল পড়ছে জিভুলিচের। পুরো অনুশীলন করলে চোট বাড়ার সম্ভাবনা প্রবল। এমনিতেই আনোয়ার নেই। নেতৃত্ব দিতে ভরসা তিনি। তাই রক্ষণের সেনাপতিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ লাল-হলুদ ম্যানজেমেন্ট। রশিদও সাইডলাইনে বিশ্রামে রইলেন। এদিনই ভিসা পেলেন নাইজেরিয়ান ফুটবলার এফিয়ং।