নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ‘শ্রীভূমি...শ্রীভূমি...শ্রীভূমি’! বিমানবন্দর থেকে উল্টোডাঙাগামী বাস। গেট থেকে মুখ বের করে হাঁক দিচ্ছেন কনডাক্টর! আবার উল্টোডাঙা থেকে বিমানবন্দরগামী বাসের ভিতর থেকে হাঁক দিচ্ছেন অর্জুনপুর...অর্জুনপুর! রবিবার মহাষষ্ঠীর দুপুর। লেকটাউন ট্রাফিকগার্ডের অফিসের আগেই নেমে বাস থেকে নেমে পড়লেন একঝাঁক দর্শনার্থীরা। পুলিসকর্মীরা আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, নীচ দিয়ে ভিআইপি রোড পার হতে সাবওয়ে ধরুন। যাঁরা অর্জুনপুর যাচ্ছেন, তাঁরা ফ্লাইওভার শেষ হতেই ভিপিআই রোডে নামছেন। তারপর বাঁদিকে বাগুইআটি মেন রোড ধরে দিব্যি হাঁটছেন। ক্লান্তহীন হাসিমুখ। নতুন আনকোরা পোশাক, পারফিউমের সুগন্ধ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই মণ্ডপে মণ্ডপে জনপ্লাবন। বাঁধভাঙা উচ্ছ্বাস। হবে নাই-বা কেন মহাষষ্ঠী যে!
পুজোর সময় লেকটাউনের নাম বদলে যায়। বাস হোক বা অটো।
সবার প্রশ্ন একটাই ‘দাদা, শ্রীভূমি যাবেন?’ এবার নিউজার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির থিম হিসেবে তুলে ধরেছে শ্রীভূমি স্পোটিং ক্লাব। বিশ্বের অন্যতম এই সর্ববৃহৎ মন্দির দেখতে দর্শনার্থীদের উৎসাহ তুঙ্গে। ভিতরে আবার কয়েক কেজি স্বর্ণালংকারে সুসজ্জিত মাতৃপ্রতিমা। মহালয়ার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বাগুইআটি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের ‘মুখোমুখি’ থিম। গতি ও প্রতিফলনের বিষয়কে অপরূপসজ্জায় তুলে ধরা হয়েছে। তা দেখতে প্রতিদিনই জনস্রোতে ভাসছে বাগুইআটির রাস্তা। ষষ্ঠীতে সেই স্রোত প্লাবনে পরিণত হয়েছে। দমদমপার্কেও একই স্রোত।
সল্টলেকের সন্ধ্যার মুখে বিগ বাজেটের পুজোগুলিতে জনস্রোত। রাস্তায় হাঁটতে হাঁটতে দর্শনার্থীরা খোঁজ নিচ্ছেন কোন মণ্ডপে কী থিম। সল্টলেকের এফডি সর্বজনীনের ‘দর্পণ-দৃষ্টি’ থেকে সল্টলেক একে ব্লক অ্যাসোসিয়েশনের ‘যুক্তি আর তর্ক’। জন্মশতবর্ষ উপলক্ষ্যে এবার কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের থিমেই সেজে উঠছে একে ব্লকের পুজো। চমক থিমে একবার দর্শনার্থীদের চুম্বকের মতো টানতে সল্টলেকের আইবি ব্লক পুজো কমিটি। বুর্জ খলিফা, দুবাই ফাউন্টেন, মিউজিয়াম-সহ আস্ত দুবাই সিটিকে তুলে ধরেছে এই পুজো। বুর্জ খলিফার ভিতরে প্রতিমা। মাদুর্গা, লক্ষ্মী-গণেশ, কার্তিক-সরস্বতী-সহ অসুরের গায়ে ১২৩ কেজি সোনার সাজ! এখানে সোনার গয়না দেখতে আসছেন অগণিত দর্শনার্থীরা।
বয়স অল্প হলেও দর্শনার্থীদের মনে পৃথক জায়গা করে নিয়েছে নিউটাউন সর্বজনীন। এবার ফুলের থিমের সঙ্গে ইলিউশন পদ্ধতি দেখতে। ভিড় জমছিল উদ্বোধনের পরই। মহাষষ্ঠীর সন্ধ্যায় যেন ফুল ফুটে বসন্ত নামল মণ্ডপে। সিটি স্কোয়ারের প্রশস্ত মাঠ। পাশে বসেছে মেলা। ঠাকুর দেখার সঙ্গে কেনাকাটার অপার আনন্দ। ছোটদের হাতে হাতে আইসক্রিম! গলে পড়ছে নতুন জামায়। ঋতুপরিবর্তন, মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস যাই থাকুক। এদিন যেন ঠান্ডা লাগার সতর্কতায় ‘স্পেশাল ডিসকাউন্ট’!