Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

লক্ষ্য ডেঙ্গু-মুক্ত বারাকপুর, প্রত্যেক বাড়িতে যাচ্ছে প্রশাসনের বিশেষ দল

২০২৩ সালে বারাকপুরে ডেঙ্গুর বিপুল প্রকোপ দেখা গিয়েছিল। বহু মানুষ আক্রান্ত হয়েছিল এই রোগে। ২০২৪ সালে পুরসভা ও প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য নানা কর্মসূচি নেওয়া হয়েছিল।

লক্ষ্য ডেঙ্গু-মুক্ত বারাকপুর, প্রত্যেক বাড়িতে যাচ্ছে প্রশাসনের বিশেষ দল
  • ১৬ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ২০২৩ সালে বারাকপুরে ডেঙ্গুর বিপুল প্রকোপ দেখা গিয়েছিল। বহু মানুষ আক্রান্ত হয়েছিল এই রোগে। ২০২৪ সালে পুরসভা ও প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য নানা কর্মসূচি নেওয়া হয়েছিল। আর ২০২৫ সালে বারাকপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে বিশেষ টিম গঠন করল পুরসভা। তাদের লক্ষ্য, ডেঙ্গু মুক্ত বারাকপুর। আট থেকে ১৪ জনের ওই টিম বাড়ি বাড়ি ঘুরছে। বাড়ি গিয়ে মানুষকে কী বোঝাতে হবে, পুরসভার পক্ষ থেকে তা নিয়ে ওই টিমের সদস্যদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। তাদের উপরে রয়েছেন একজন সুপারভাইজার। এই টিম মানুষকে সচেতন করছে, সতর্ক করছে। কোথাও জঙ্গল থাকলে বা নোংরা জমে থাকলে, সঙ্গে সঙ্গে পুরসভার জঞ্জাল সাফাই বিভাগকে জানাচ্ছে ওই টিম। সাফাইকর্মীরা তা গিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। এই টিমের সদস্যদের কাজে সন্তুষ্ট হয়ে ইতিমধ্যে কয়েকজনকে পুরস্কৃতও করা হয়েছে। সম্প্রতি জেলাশাসক শরদকুমার দ্বিবেদী নিজে বারাকপুরের ছ’নম্বর ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজ খতিয়ে দেখেন। আগামী দিন কী করতে হবে, তার নির্দেশ দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ে বারাকপুরের উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। আজ, ১৬ মে, শুক্রবার জাতীয় ডেঙ্গু নিয়ন্ত্রণ দিবসে বারাকপুর পুরসভার ২৪টি ওয়ার্ডেই অটোতে প্রচার করা হবে। পুরসভার স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান পরিষদের সদস্য নওশাদ আলম বলেন, আমাদের কর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। মানুষের কাছে যাচ্ছেন। তাদের বোঝাচ্ছেন। লাগাতার প্রচার কর্মসূচির জন্য গত বছর আমরা ডেঙ্গু অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম। এবার আশা করি ডেঙ্গু মুক্ত বারাকপুর গড়ে তোলা সম্ভব হবে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ