নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: প্রাচীন শহর মণিরামপুরের একাংশ গঙ্গার ভাঙনে তলিয়ে যাচ্ছে। সিপি বাংলো থেকে চার পয়সার ঘাট পর্যন্ত দীর্ঘ এক কিলোমিটার এলাকা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে দেবদ্বার পার্ক ও সুরেন্দ্রনাথ ব্যানার্জি শিশু উদ্যানের অনেকটা অংশ গঙ্গার জলে তলিয়ে গিয়েছে। বিপজ্জনক হয়ে পড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে দু’টি পার্ক।
বুধবার মণিরামপুরের প্রবীণ বাসিন্দা সুকুমার ভট্টাচার্য বললেন, এই শিশু উদ্যানটি তৈরি হওয়ার পর পাড়ার ছেলেমেয়েরা খেলাধুলা করত। খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল। দেবদ্বার পার্কে অনেক পিকনিক হতো। এখন অনেকটা অংশ গঙ্গার গ্রাসে চলে গিয়েছে। সবকিছু বন্ধ। অবিলম্বে ব্যবস্থা না নিলে এত সুন্দর দুটো পার্ক গঙ্গায় তলিয়ে যাবে।
গঙ্গার এই ভাঙনের কথা জানিয়ে সেচদপ্তরকে চিঠি দিয়েছেন উত্তর বারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ। সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে চিঠি দিয়েছেন সাংসদ পার্থ ভৌমিকও। স্থানীয় কাউন্সিলার ও আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানিয়েছেন, ২০২২ সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত শিশু উদ্যানটি ৩০ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছে। কিন্তু ক্রমে সেটি গঙ্গায় তলিয়ে যেতে বসেছে। পাঁচিল ভেঙে গিয়েছে। যে হারে বৃষ্টি হচ্ছে, তাতে পার্কটি আরও বিপজ্জনক হয়ে উঠছে। কী করে শিশুদের খেলার অনুমতি দিই? ইতিমধ্যে বালিঘাট, সিপি বাংলো সংলগ্ন অংশ, পুরনো চার পয়সার ঘাট গঙ্গায় ভেঙে যাচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে মনিরামপুরের একাংশ গঙ্গায় তলিয়ে যেতে পারে।
এ ব্যাপারে সাংসদ পার্থ ভৌমিক জানিয়েছেন, সেচমন্ত্রীকে চিঠি লিখেছি। সেচদপ্তর উদ্যোগী হয়েছে। সিপি বাংলোর সামনে থেকে গার্ড ওয়াল-এর কাজ হবে। নিজস্ব চিত্র