Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাতির হানা থেকে পরীক্ষার্থীদের বাঁচাতে বিশেষ নজর বনদপ্তরের,প্রয়োজনে গাড়ি করে পৌঁছে দেওয়া হবে কেন্দ্রে

আজ, সোমবার বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগের এক লক্ষেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিকে বসছে।

হাতির হানা থেকে পরীক্ষার্থীদের বাঁচাতে বিশেষ নজর বনদপ্তরের,প্রয়োজনে গাড়ি করে পৌঁছে দেওয়া হবে কেন্দ্রে
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও আরামবাগ এবং সংবাদদাতা, পুরুলিয়া: আজ, সোমবার বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগের এক লক্ষেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিকে বসছে। বাঁকুড়ার জঙ্গলমহলে হাতিপ্রবণ এলাকায় পরীক্ষা কেন্দ্রে পড়ুয়াদের যাতায়াত নিয়ে অভিভাবকরা উদ্বেগে রয়েছেন। প্রশাসনের তরফে প্রয়োজন অনুসারে হাতিপ্রবণ এলাকায় পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা করা হবে বলে বাঁকুড়া জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন।

Advertisement

জেলা স্কুলশিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবার বাঁকুড়ায় মোট ৪৮ হাজার ৯৯৮ জন পরীক্ষার্থী রয়েছে। যা গতবারের থেকে ৫২২ জন বেশি। এবার জেলার মোট ২২হাজার ৪২৬ জন ছাত্র ও ২৬ হাজার ৫৭২ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এবার জেলায় মেন ভেনু ও সাব ভেনু রয়েছে যথাক্রমে ৬১ ও ৫৮। সবমিলিয়ে জেলায় মোট ১১৯টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) পীযূষকান্তি বেরা বলেন, সোমবার বাংলা পরীক্ষা রয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, উত্তর বাঁকুড়ার জঙ্গলমহলে ৩৩টি হাতি রয়েছে। প্রশাসন পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করেছে। হাতির পালকে নজরদারির আওতায় রাখার আবেদন জানিয়ে আমি বনমন্ত্রীকে দু’দিন আগে চিঠি দিয়েছি। পরীক্ষার দিনগুলিতে জঙ্গলের মধ্যে রাস্তার দু’পাশে বনকর্মী মোতায়েন করা হবে।

পুরুলিয়া জেলায় এবার মাধ্যমিক পরীক্ষায় বসছে ৪৪ হাজার ২৪৫ জন পরীক্ষার্থী। তারমধ্যে ছাত্র ২০ হাজার ৫৬০ জন এবং ছাত্রী ২৩ হাজার ৬৮৫ জন। গতবারের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ১ হাজার ৮১ জন। রবিবার পুরুলিয়া শহরের নেতাজি স্কুলে সাংবাদিক বৈঠক করে একথা জানান মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির পুরুলিয়া জেলার কনভেনর সোমনাথ কুইরি। উপস্থিত ছিলেন জয়েন্ট কনভেনর দীপক পাল। সোমনাথবাবু বলেন, পর্ষদের নির্দেশিকা অনুযায়ী সব প্রস্তুতি সারা হয়েছে।  জেলাজুড়ে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হবে। হাতি উপদ্রুত এলাকাগুলির পরীক্ষার্থীদের বিষয়ে বনদপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে। বনদপ্তরের তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

আরামবাগ মহকুমায় আজ, ১৪ হাজার ৬৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছে। মহকুমায় মাধ্যমিক পরীক্ষা হবে ৩৪টি কেন্দ্রে। মেন ভেনু হয়েছে ১২টি। সাব ভেনু রয়েছে ২২টি। মহকুমার আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরশুড়া প্রত্যেকটি থানা এলাকাতেই হয়েছে পরীক্ষা কেন্দ্র। মাধ্যমিক পরীক্ষা ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে পুলিশ। এছাড়া ট্রাফিক নিয়েও বাড়তি ব্যবস্থা রাখা হচ্ছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে। তিনটি ক্যামেরা প্রয়োজনীয় স্থানে থাকছে। পরীক্ষা কেন্দ্রের ভিতরে স্বাস্থ্য কর্মী, মহিলা পুলিশ কর্মীরা মোতায়েন থাকবেন। এমনকি, সক্রিয় থাকবে দমকল বিভাগও। উল্লেখ্য, বিগত বছরগুলিতে অনেক পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিতে সাহায্য করেন পুলিশ কর্মীরা। এবারও বাইক সহ গাড়ি নিয়ে বিভিন্ন থানায় পুলিশ কর্মীরা থাকবেন। কেউ কোনও অসুবিধায় পড়লে দ্রুত থানায় জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য আরামবাগ মহকুমার স্থানীয় রুটের বাসগুলিতে ভাড়া দিতে হবে না। পরীক্ষার্থীর পরিচয় দিলে বিনামূল্যে তাদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। আরামবাগ বাস মিনিবাস অপারেটর্স ওয়েলফেয়ার সমিতির সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য বলেন, আরামবাগ বদনগঞ্জ, তারকেশ্বর, গড়েরঘাট, বন্দর, গোতান সহ মহকুমার সাতটি রুটে পরীক্ষার্থীদের যাতায়াত ফ্রি করার সিদ্ধান্ত আমরা নিয়েছি।

 জঙ্গলে বুনো হাতির দল। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ