Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অবশেষে বারাসত স্টেডিয়ামে শুরু হবে ফুটবল টুর্নামেন্ট, চলছে চূড়ান্ত প্রস্তুতি

দীর্ঘদিন পর আবার বড় ফুটবলের আসর ফিরছে বারাসত স্টেডিয়ামে। কলকাতা ফুটবল লিগ ও আইএফএ শিল্ড প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ হবে এই মাঠে।

অবশেষে বারাসত স্টেডিয়ামে শুরু হবে ফুটবল টুর্নামেন্ট, চলছে চূড়ান্ত প্রস্তুতি
  • ৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন পর আবার বড় ফুটবলের আসর ফিরছে বারাসত স্টেডিয়ামে। কলকাতা ফুটবল লিগ ও আইএফএ শিল্ড প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ হবে এই মাঠে। সেই টুর্নামেন্টকে সামনে রেখে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। স্টেডিয়ামকে দ্রুত খেলার উপযোগী করে তুলতে জোরকদমে চলছে পরিষ্কার, সংস্কারের কাজ। রবিবার সকাল থেকেই স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে দেখা যায় কর্মব্যস্ততার ছবি। গ্যালারি পরিষ্কার করা হচ্ছে। দীর্ঘদিনের জমে থাকা ধুলো সরানো হচ্ছে। স্টেডিয়ামের চারপাশের আগাছা কেটে ফেলা হচ্ছে। দর্শকাসন থেকে শুরু করে মাঠ সংলগ্ন এলাকা– সবকিছুই নতুন করে গুছিয়ে তোলার কাজ চলছে। লক্ষ্য একটাই, নির্ধারিত সময়ের আগেই সমস্ত প্রস্তুতি শেষ করা।

Advertisement

রবিবার এই কাজ পরিদর্শনে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে যান বারাসতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়। মাঠ ও স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। সংশ্লিষ্ট অফিসার ও কর্মীদের সঙ্গে কথা বলে দ্রুত কাজ শেষ করার নির্দেশও দেন। বিধায়কের বক্তব্য, বারাসতে ক্রীড়াপ্রেমীদের সামনে সুন্দর পরিবেশে কলকাতা ফুটবল লিগের ম্যাচ আয়োজন করাই এখন প্রধান লক্ষ্য। তাই মাঠ সারাইয়ের কাজ শুরু হয়েছে। আগামীতে আরও টুর্নামেন্ট করার উদ্যোগ নেব। ক’দিন আগেই ‘বর্তমান’-এ প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছিল বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের বেহাল চিত্র। প্রায় এক কোটি টাকা ব্যয়ে প্রাকৃতিক ঘাস বসিয়ে মাঠ সংস্কার হলেও গ্যালারিতে ধুলো, চারপাশে আগাছা এবং অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছিল। মাঠ প্রস্তুত হলেও স্টেডিয়াম চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্রীড়াপ্রেমীরা। অবেশেষে দেরিতে হলেও হুঁশ ফিরল দপ্তরের। আইএফএ-র সূচি অনুযায়ী, ৭ এবং ৯ আগস্ট বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে দু’টি প্রিমিয়ার লিগের ম্যাচ অনুষ্ঠিত হবে। দীর্ঘ বিরতির পর আবার ফুটবলের বাঁশি বাজতে চলেছে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে। তাই শুধু মাঠ নয়, গোটা স্টেডিয়ামকে নতুন করে প্রাণ ফিরিয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে। ক্রীড়াপ্রেমীদের স্পষ্ট দাবি– বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন ফের জেলা ফুটবলের অন্যতম প্রধান কেন্দ্র হিসাবে নিজের পুরনো মর্যাদা ফিরে 
পাক।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ