রাজীব বর্মন, দিনহাটা: রাজআমলে শুরু হওয়া ঐতিহ্যবাহী কোচবিহারের রাসমেলা উত্তরবঙ্গের বড়ো মেলাগুলির মধ্যে অন্যতম। দু’শো বছরের প্রাচীন রাজআমলের এই রাসমেলা প্রথম শুরু হয়েছিল দিনহাটার ভেটাগুড়িতে।
দেবোত্তর ট্রাস্ট বোর্ড সূত্রে জানা গিয়েছে, দিনহাটা মহকুমার ভেটাগুড়িতে ১৮১২ সালের রাসপূর্ণিমার দিন কোচবিহারের রাজা হরেন্দ্রনারায়ণ রাজধানী স্থাপন করেছিলেন। বেশ কয়েক বছর ভেটাগুড়িতে কোচবিহার রাজার রাজধানী ছিল। সেসময় ভেটগুড়িতে রাসমেলা প্রথম শুরু হয়। ওই বছর রাসপূর্ণিমা তিথিতে কোচবিহারের মহারাজ হরেন্দ্রনারায়ণ ভেটাগুড়ির নবনির্মিত রাজপ্রাসাদে প্রবেশ করেন। সেই উপলক্ষে ভেটাগুড়িতে প্রথম বসেছিল রাসমেলা। তখন থেকে আজও সেই মেলা চলছে। এরপর ১৮৯০ সালে কোচবিহার শহরে বৈরাগী দীঘির পাশে মদনমোহন মন্দির প্রতিষ্ঠার কাজ শেষ হলে এই রাসমেলা ভেটাগুড়ি থেকে কোচবিহার শহরে স্থানান্তরিত হয়। ওই বছর থেকেই মন্দির লাগোয়া এলাকায় মেলা বসছে বলে ইতিহাস গবেষকদের ধারণা। ১৯১৭ সাল নাগাদ প্যারেড গ্রাউন্ডে মেলা স্থানান্তরিত হয়। এখন সেটা রাসমেলার মাঠ নামে পরিচিত।
১৯৬৯ সাল পর্যন্ত কোচবিহারের মহারাজা রাসচক্র ঘুরিয়ে পুজোর উদ্বোধন করতেন। এখন নিয়ম অনুযায়ী কোচবিহারের জেলাশাসক তথা দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি রীতি মেনে রাসচক্র ঘুরিয়ে রাস উৎসবের সূচনা করেন। যত দিন গিয়েছে মেলা তত বড়ো হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা তো বটেই কোচবিহারের প্রাচীন রাজআমলের এই মেলায় নেপাল, ভুটান থেকেও দোকানিরা তাদের পসরা নিয়ে হাজির হন।
এ বছর এই মেলার ২১৪তম বর্ষ। আজ, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে কোচবিহারের ঐতিয্যবাহী রাস উৎসব। আগামীকাল, বুধবার রাসমেলা সূচনা করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।



