কথায় বলে, ইচ্ছা থাকলে উপায় হয়। বইয়ের পাতার এই লাইনকেই বাস্তবের মাটি দেখাচ্ছে ১৫ বছরের রাধ্যা বনসল। মুসৌরির উডস্টক স্কুলের দশম শ্রেণির পড়ুয়া সে। নিয়মিত ক্লাস, হোমওয়ার্কের পাশাপাশি তার এক অভিনব উদ্যোগ নজর কেড়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে সে শুরু করেছে ‘আইরন বাটারফ্লাইজ’। তার এই উদ্যোগের মূল লক্ষ্য শৈশব থেকেই মেয়েদের আত্মবিশ্বাসী ও নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তোলা। কলকাতার সাতটি স্কুলে ইতিমধ্যে প্রায় ১ হাজার ছাত্রীর কাছে পৌঁছেছে ‘আইরন বাটারফ্লাইজ’। পাঁচজন প্রশিক্ষকের মাধ্যমে সেখানে আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা, নিজের সীমারেখা সম্পর্কে সচেতনতা, প্রয়োজনে দৃঢ়ভাবে ‘না’ বলতে শেখানো হয়। রাধ্যার কথায়, ‘এই উদ্যোগের উদ্দেশ্য মেয়েদের পৃথিবীকে ভয় পেতে শেখানো নয়। বরং যে কোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত করে তোলা।’ তার মতে, আত্মরক্ষার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ নিজের উপর আস্থা রাখা। রাধ্যা নিজেও বিভিন্ন কর্মশালায় উপস্থিত থাকে। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে, তাদের অভিজ্ঞতা শোনে এবং সেই মতামতের ভিত্তিতেই উদ্যোগটিকে আরও উন্নত করার চেষ্টা করে। ‘আইরন বাটারফ্লাইজ’ নামের মধ্যেও রয়েছে একটি বিশেষ বার্তা। রাধ্যার বিশ্বাস, মেয়েদের বদলে দেওয়ার প্রয়োজন নেই। শুধু মনে করিয়ে দিতে হবে যে, শক্তি ও আত্মবিশ্বাস তাদের মধ্যেই রয়েছে। ভবিষ্যতে আরও স্কুলে এই উদ্যোগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে রাধ্যার। পাশাপাশি সে চায়, স্কুল থেকেই আত্মবিশ্বাস, নিরাপত্তা ও আত্মসম্মান নিয়ে খোলামেলা আলোচনা শুরু হোক, যাতে প্রতিটি মেয়ে নিজের শক্তি সম্পর্কে সচেতন হয়ে বড়ো হয়ে উঠতে পারে।



