


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পয়লা জুলাই শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ২৫ বছর পূর্ণ করেছে। প্রিমিয়াম এই ট্রেন বহন করছে কয়েক প্রজন্মের স্মৃতি। আজও দেশের প্রাক্তন ও বর্তমান রাজধানী শহরের মধ্যে সগৌরবে দৌড়চ্ছে রাজধানী। রজতজয়ন্তী বর্ষে জনপ্রিয় এই রাজধানী এক্সপ্রেসের মুকুটে জুড়তে চলেছে অনন্য পালক। ট্রেনের ফার্স্ট এসি কোচকে ঢেলে সাজিয়ে গড়ে তোলা হয়েছে আস্ত একটা মিউজিয়াম।
সেই চলমান জাদুঘরে যাত্রীদের সামনে তুলে ধরা হবে কলকাতা ও দিল্লির ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য। এর পোশাকি নাম, ‘টেল অব টু ক্যাপিটালস’। শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানীর ফার্স্ট এসি কোচের টিকিট কাটলে বিনামূল্যে এই ‘মিউজিয়াম অন হুইলস’ ঘুরে দেখার সুযোগ মিলবে। কোচের ভিতরের অংশ ইতিহাস ও বিখ্যাত ব্যক্তিত্বদের কীর্তিগাথার দলিল বয়ে নিয়ে চলবে। মিউজিয়ামের কারণে রাজধানীর যাত্রাপথ স্মরণীয় হয়ে থাকবে যাত্রীদের মনে। কলকাতা থেকে দিল্লির পথে দেশের শিল্প-সংস্কৃতির ঝলক ফুটে উঠবে ট্রেনের কামরায়। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায় সহ প্রথম সারির সমাজ সংস্কারকদের কাজ, তাঁদের অবদানের কথা ফুটিয়ে তোলা হয়েছে ট্রেনে। বাড়তি আকর্ষণ হিসেবে উঠে এসেছে দুর্গাপুজো। যাত্রাপথে বাঙালির শ্রেষ্ঠ এই উৎসবের আমেজ বারবার ফিরে আসবে চলন্ত জাদুঘরের সৌজন্যে। এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল, গভর্নমেন্ট হাউসের মতো স্থাপত্যের সুকুলসন্ধানও মিলবে মিউজিয়ামে। কলকাতা ও দিল্লির নৈকট্য রেলের এই অভিনব উদ্যোগে আরও বেশি করে উঠে আসবে বলে মনে করছেন যাত্রীরা। শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনা বলেন, ‘এই মিউজিয়াম অন হুইলস এক চলমান ঐতিহাসিক দলিল। শিয়ালদহ-রাজধানীর ২৫ বছর পূর্তি উদযাপন করার লক্ষ্যে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। যা যাত্রীদের ট্রেন যাত্রাকে বাড়তি মাত্রা দেবে।’
এর পাশাপাশি জানা গিয়েছে, রবিবার, ৬ জুলাই হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ৩০ বছর পার করল। পূর্ব ভারতের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের অন্যতম যোগসূত্র হিসেবে তিন দশক ধরে জনপ্রিয় এই ট্রেন ট্র্যাকে দাপিয়ে বেড়াচ্ছে। ১৯৯৫ সালের ৬ জুলাই প্রথম যাত্রা শুরু ট্রেনটির।