নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যালেন্ডারের পাতায় তারিখটা মার্ক করে রাখুন। ২৯ নভেম্বর, ২০২৬। ওদিনই আইএসএলের প্রথম ডার্বি। যুবভারতীতে সন্ধ্যা সাড়ে সাতটায় হাই-ভোল্টেজ বড়ো ম্যাচ। এটি ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ। শনিবার আইএসএলের সূচি ঘোষণার সঙ্গেই ফুটবলপ্রেমীদের উদ্দীপনা তুঙ্গে।
আগামী ১০ অক্টোবর আইএসএলের উদ্বোধন। বিকেল ৫টায় বেঙ্গালুরুর কান্তিরাভায় স্পোর্টিং দিল্লির মুখোমুখি হচ্ছেন সুনীল, গুরপ্রীতরা। সন্ধ্যায় গোয়ার ফাতোরদায় এফসি গোয়ার প্রতিদ্বন্দ্বী চেন্নাইয়ান এফসি। দেশের শীর্ষ লিগে কলকাতার দুই প্রধানের মধ্যে সবার আগে মাঠে নামবে মোহন বাগান। ১২ অক্টোবর গুয়াহাটিতে মিগুয়েলদের সামনে নর্থ ইস্ট ইউনাইটেড। চারদিন পর নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্পোর্টিং দিল্লির সামনাসামনি হবে পানোস ব্রিগেড। এসিএল টু’য়ের জন্য ইস্ট বেঙ্গলের প্রথম রাউন্ডের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। ১৮ অক্টোবর গোয়ায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলবে তারা। পরের ম্যাচে প্রতিপক্ষ ইন্টার কাশী। সরকারিভাবে এই ম্যাচের ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি। তবে রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়ামেই সব হোম ম্যাচ খেলতে চাইছে কাশী। এবারের লিগে মোট ১৩ টি দল অংশ নিচ্ছে। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে মুখোমুখি হবে বিভিন্ন ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি।
এদিকে, বৃষ্টির কারণে ইস্ট বেঙ্গল ক্লাবের মাঠের অবস্থা বেশ শোচনীয়। এরইমধ্যে ৩০ সেপ্টেম্বর শিল্ডের পরবর্তী ম্যাচে পাঞ্জাব এফসি’র মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড। এমন পরিস্থিতিতে মাঠ বাঁচাতে সিনিয়র দল গত কয়েকদিন নিউটাউনে সেন্টার অব এক্সেলেন্সে অনুশীলন করছিল। তবে ব্রাজিল ম্যাচের কারণে সেই মাঠও পাওয়া যাবে না। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে কল্যাণীতে দল নিয়ে প্রস্তুতি সারবেন কোচ আন্তোনিও হাবাস।
অন্যদিকে, আইএফএ শিল্ডের শেষ চারে নিশ্চিত মোহন বাগান ও নর্থ ইস্ট ইউনাইটেড। গ্রুপ পর্বে এই দুই দল মুখোমুখি হবে আগামী মঙ্গলবার। তার আগেই শেষ চারের টিকিট পাকা করল তারা। শনিবার বারাসত স্টেডিয়ামে শ্রীনিধি ডেকানকে ৩-০ গোলে হারায় নর্থ ইস্ট। লক্ষ্যভেদে সফল আলেদাইন, জিতিন এমএস এবং ড্যানি মিতেই। পরপর দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল শ্রীনিধি ডেকান।