Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ফেডারেশনের সিদ্ধান্ত গিমিক ছাড়া কিছুই নয়

প্রদীপের নীচে অন্ধকার। ভারতীয় ফুটবল নিয়ে এর চেয়ে ভালো শিরোনাম পাওয়া কঠিন। পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলবে ব্লু টাইগার্স।

ফেডারেশনের সিদ্ধান্ত গিমিক ছাড়া কিছুই নয়
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দেবজিৎ ঘোষ: প্রদীপের নীচে অন্ধকার। ভারতীয় ফুটবল নিয়ে এর চেয়ে ভালো শিরোনাম পাওয়া কঠিন। পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলবে ব্লু টাইগার্স। ফেডারেশন কর্তারা খুশিতে ডগমগ। কিন্তু এতে ভারতীয় ফুটবল কতটা লাভবান হবে? জাতীয় দলের প্রাক্তন হিসাবে এতটুকু আশাবাদী নই। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তে গিমিক বেশি। কিন্তু পরিকল্পনার ‘প’ নেই। এটাই সবচেয়ে বড় সত্যি। 

Advertisement

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। উরুগুয়ে দু’বারের সেরা। বিশ্বকাপে খেলেই ভারতে আসছে পানামা। এত হাই-প্রোফাইল ম্যাচ দেখতে ফুটবলপ্রেমীদের আগ্রহ প্রচুর। তাতে জল ঢালা অনুচিত। শুধু বাস্তব তুলে ধরতে চাইছি। ভারতীয় ফুটবল বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির ঢাকের দায়ে মনসা বিক্রির অবস্থা। ক্লাব ফুটবলে মোহন বাগান, ইস্ট বেঙ্গল ছাড়া বাকিরা প্রায় ধুঁকছে। কোচ, ফুটবলারদের পেমেন্ট না দিতে পেরে ট্রান্সফার ব্যানের কবলে বিভিন্ন ক্লাব। অ্যাকাডেমি গড়ার টাকা নেই। গ্রাসরুট ডেভেলপমেন্ট প্রায় শূন্য। দীর্ঘমেয়াদি রোডম্যাপ খায় না মাথায় দেয় কেউ জানে না। কর্পোরেট সংস্থা ফুটবল বিমুখ। পেট চালাতে খেপই ভরসা এক শ্রেণির ফুটবলারের। সেখানে কোটি কোটি টাকা খরচ করে ম্যাচ আয়োজনের যৌক্তিকতা আছে কি? এখানেই শেষ নয়। ব্রাজিল বা উরুগুয়ে ম্যাচের চক্করে আশিয়ান কাপ থেকে দল প্রত্যাহার করেছে ফেডারেশন। এশিয়ান গেমসে অংশগ্রহণের ছাড়পত্র দেয়নি কেন্দ্রীয় সরকার।। অথচ ১৯৬২’র এশিয়াডে চ্যাম্পিয়ন রহিম সাহেবের দল। পিকে, চুনী, বলরামের ভারত সেই এশিয়াডেই খেলছে না! এর চেয়ে দুর্ভাগ্যের কী-ই বা হতে পারে! অথচ পরিকল্পনা থাকলে ঢেলে সাজাতে পারত ফেডারেশন। অবিলম্বে এশিয়ান ফুটবলে এগনোর কথা ভাবা উচিত। চীন, সৌদি আরব, জাপান, কোরিয়ার মতো দেশের সঙ্গে কয়েকটি ম্যাচের সিরিজ করা যেতেই পারে। তাতে লড়াইয়ের মানসিকতা তৈরি হবে। তার বদলে সরাসরি ব্রাজিল, উরুগুয়ের দিকে হাত বাড়ানো কেন? অষ্টম শ্রেণির ছাত্রকে জোর করে উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় বসালে ক্ষতি তারই।
আসলে লক্ষ্য হওয়া উচিত এশিয়ার মানচিত্রে সেরা দশে জায়গা করে নেওয়া। তার বদলে আলোচনা হচ্ছে ভারতের বিশ্বকাপ খেলা নিয়ে। এমনটা কোনওমতেই সম্ভব নয়। তবে এতকিছুর পরেও খালিদ ব্রিগেডকে একরাশ শুভেচ্ছা। যে কোনো ফুটবলারের কাছে লাইফটাইম অ্যাচিভমেন্ট। আমরা বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখি। প্রদর্শনী ম্যাচ ছাড়া সেই সুযোগ এখনও অলীক কল্পনা। তাই অনুরোধ, বিপক্ষের নাম না দেখে নিজেদের উজাড় করে দিক গিল, আনোয়াররা। কলকাতা ছাড়ার আগে ভিনিসিয়াস-কাসেমিরোরা যেন ওদের পিঠ চাপড়ে দেয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ