নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৩ সালের পর ফের আই লিগ জয়ের হাতছানি চার্চিল ব্রাদার্সের সামনে। তবে একই সঙ্গে শিরোপা জয়ের দৌড়ে রয়েছে গোকুলাম ও ইন্টার কাশী। রবিবার ঘরের মাঠে কাশীর সঙ্গে ২-২ গোলে ড্র করে গোয়ার ক্লাবটি। এদিন জিতলেই সরাসরি খেতাব নিশ্চিত করত চার্চিল। তবে ম্যাচে একটা সময় ১-২ গোলে পিছিয়ে থেকেও সংযোজিত সময়ে বিতর্কিত গোলে হার বাঁচায় দিমিত্রিয়সের ছেলেরা। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে গ্যালারি। ম্যাচ শেষে ঝামেলায় জড়ান দু’দলের ফুটবলাররা। লাল কার্ড দেখেন জনি কাউকো। চার্চিলের দুই গোলদাতা হলেন হোসে লুইস মোরেনো ও লালরেমরুয়াতা রালতে। ইন্টার কাশীর হয়ে জাল কাঁপান এডমুন্ড লালরিনডিকা ও নিকোলা স্টোজানোভিচ।



