রিষড়ায় জগদ্ধাত্রী পুজোয় চেনা ভিড় আজ থেকেই
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাপ্পাদিত্য রায়চৌধুরী, রিষড়া: হাওড়া থেকে বর্ধমান মেন লাইনের লোকাল ট্রেনগুলিতে থিকথিকে ভিড় শুরু হয়েছিল বুধবার বেলা বাড়তেই। বেশিরভাগ ট্রেনযাত্রীরই গন্তব্য ছিল চন্দননগর। নবমীতে সেই উৎসবের শেষলগ্নের আনন্দটুকু ছাড়তে চাননি তাঁরা। এদিকে ফরাসডাঙার  জগদ্ধাত্রী পুজোয় যখন বিদায়পর্বের সূচনা হতে চলেছে, তখনই উৎসবের আঙিনায় নতুন করে পা রাখল রিষড়া। রেললইনের দুদিক মিলিয়ে এই মফস্সল শহরে এবারও প্রায় ১০০টি জগদ্ধাত্রী পুজো হচ্ছে। বুধবার একদিকে যেমন চলছিল পুজো, তেমনই বেশ কয়েকটা মণ্ডপে দেখা গেল শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিন বেলা পর্যন্ত সেভাবে ভিড় নাহলেও, সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে আলো জ্বলতেই ভিড় জমালেন দর্শক। পুজো উদ্যোক্তারা জানালেন, চন্দননগরের পুজো শেষ হলেই মানুষ রিষড়ামুখী হবেন। প্রতিবারই এমনই হয়। এবারও তার অন্যথা হবে না। 

Advertisement

রিষড়া স্টেশন সংলগ্ন এনএস রোডে এলেই দর্শকদের জন্য অপেক্ষা করে আছে ছোট্ট মণ্ডপের নজরকাড়া প্রতিমা। দু-পা এগোলেই এখানকার খাটাল এলাকায় একটা বড়ো পুজোকে ঘিরে প্রস্তুতি চলছিল বিকেল পর্যন্ত। মণ্ডপের সামনের গাছের ডাল ছাঁটছিলেন উদ্যোক্তারা। আলোকসজ্জার শেষ প্রস্তুতিটুকুও দেখে নিচ্ছিলেন তাঁরা। এখানকারই ওয়েলফেয়ার ক্লাবে মণ্ডপ সেজেছে শ্রম আর খিদের আবহে। বাসনকোসনে সাজানো হয়েছে মণ্ডপ। রুক্ষ বাস্তবতার মাঝেই অধিষ্ঠিত দেবী। প্রতিমা নজরকাড়া। চারুনগর রবীন্দ্রসরণীর পুজো এবার ৫২ বছরে পড়ছে। পিতল, তামার সাজের মণ্ডপে এবারের ভাবনা ত্রিমাত্রিক। মণ্ডপে ঢুকলেই থ্রিডি এফেক্ট নজরে আসবে দর্কশদের। অত্যন্ত নয়নাভিরাম প্রতিমার সঙ্গেই মানানসই তাকলাগানো মণ্ডপ। শামিয়ানার কারুকাজ মুগ্ধ হওয়ার মতো। সূচনাপর্ব থেকেই দর্শকদের নজর কেড়েছে এই মণ্ডপ।  পুজোর সঙ্গে সমগ্র পরিবেশ মনোরম করেছে রাস্তাজোড়া আলপনা। রবীন্দ্রসরণি জুড়ে কয়েকশো ফুটের সেই নকশা এবার দর্শকের বাড়তি পাওনা। নবারুণ সংঘের পুজোয় এবার মণ্ডপে তেমন দেখনদারি নেই। তবে সেই ঘাটতি মিটিয়েছে প্রতিমা। বিরাট উচ্চতার প্রতিমায় সোলার সাজ। কৃষ্ণলীলার প্রায় প্রতিটি রূপ ফুটিয়ে তোলা হয়েছে দেবীর সাজে। সেসব কারুকাজ মুগ্ধ হয়ে দেখেছন দর্শক। সোলার সাজে তাক লাগিয়েছে টিসি মুখার্জি স্ট্রিটের পুজোও। দেবীর মাথায় ঘূর্ণায়মান চক্র নজর কেড়ছে দর্শকের। প্রতিবারের মতোই এই জনপ্রিয় পুজো বহরে যথেষ্ট বড়।
চালচিত্রকে যে ছক ভেঙে সাজানো যায়, তার প্রমাণ এবারের নবচেতনা ক্লাবের পুজোয়। জলের উপর ঝুলন্ত নজরকাড়া মণ্ডপ। প্রতিমা অতুলনীয়। সঙ্গে যোগ্য সংগত করেছে শোলার চালচিত্র। রিষড়ার প্রাচীনতম পুজোগুলির মধ্যে অন্যতম  দেওয়ানজি স্ট্রিটের বালক সংঘের পুজো। প্রতিবারই দর্শক অপেক্ষা করেন এখানকার পুজোর অভিনবত্বের জন্য। এবারও তারা দর্শকের আকাঙ্খার সুবিচার করেছে। এবারের ভাবনা নীলমাধব। মণ্ডপের মুখে রাধাকৃষ্ণের ব্যানার। ভেতরে রঙিন কাগজের লন্ঠনের সাজ। দেওয়াল জুড়ে কৃষ্ণের নানা ছবি। পিংলার পটচিত্রে মোড়া মণ্ডপ। কোথাও যশোদাকে বিশ্বরূপ দর্শন করানো, কোথাও ননি চুরি তো কোথাও আবার গোবর্ধন পর্বত তোলা বা অসুর বধ।  সেসব দৃষ্টিনন্দন ছবির মধ্যেই সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠেছে প্রতিমা। তাঁর মুকুটে দোল খাচ্ছেন রাধাকৃষ্ণ। বুকেতেও অবস্থান রঘুনন্দনের। অপার্থিব কারুকাজে মুগ্ধ দর্শকও। রিষড়া চারবাতির পুজোয়  মা জগদ্ধাত্রী কেমন সাজে আসবেন, তা নিয়ে অপেক্ষা থাকে সকলের। এবারও মাতৃদর্শনে মন ভরেছে দর্শকদের। জাঁকজমকপূর্ণ মণ্ডপের সঙ্গে মানানসই সুউচ্চ প্রতিমা নজড় কেড়েছে সবার। আজ বৃহস্পতিবার থেকে গোটা রিষড়া অপেক্ষায় থাকবে পরিচিত ভিড়ের জন্য।