Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এজেন্টরাজেই জৌলুস হারিয়েছে ঘরোয়া লিগ

এক দশক আগেও ঘরোয়া লিগের খেলা থাকলে গমগম করত ময়দান। তিনটি ঘেরা মাঠেই ঠাসা সমর্থকই ছিল চেনা ছবি

এজেন্টরাজেই জৌলুস হারিয়েছে ঘরোয়া লিগ
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মেহতাব হোসেন: এক দশক আগেও ঘরোয়া লিগের খেলা থাকলে গমগম করত ময়দান। তিনটি ঘেরা মাঠেই ঠাসা সমর্থকই ছিল চেনা ছবি। এখন তো কলকাতা লিগ মূলত জেলা লিগে পরিণত হয়েছে। আগে সকলে কলকাতায় খেলতে আসত। আর এখন অধিকাংশ ম্যাচই হয় বাইরে। ফলে ঘরোয়া লিগের সেই উন্মাদনা কোথাও যেন হারিয়ে গিয়েছে। ছোটবেলা থেকেই শুনতাম, ঘরোয়া লিগই হল ফুটবলার তৈরির সেরা মঞ্চ। নিজেও এই লিগ খেলেই বড় হয়েছি। কালীঘাট, বিএনআর, টালিগঞ্জ অগ্রগামী হয়ে বড় দলের জার্সি গায়ে চাপাই। আরও মনে আছে, রবীন্দ্র সরোবরে একটি ম্যাচে টালিগঞ্জের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলেছিলাম। তখন আমি রেল দলে। সেই ম্যাচের পরই মন্টু দা (ঘোষ) বলেছিলেন, পরের মরশুমে যেন টালিগঞ্জে সই করি। আসলে সেই সময় কর্তারা নিজেরা মাঠে বসে ফুটবলার বেছে নিতেন। আর এখন তো এজেন্টের দাপট। ফলে চার আনার ফুটবলারের দর ঠেকেছে ১৬ আনায়। এজেন্টদের দাদাগিরিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্লাবগুলি। তবে এখনও ঘরোয়া লিগে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে, যারা ঠিক মতো প্রচারের আলোয় আসে না। ঠিকঠাক যত্ন নিতে পারলে ভবিষ্যতে সেই ফুটবলারগুলি বাংলার সম্পদ হয়ে দাঁড়াবে। তাই আমার মতে, ফুটবলার তুলে আনতে হলে ঘরোয়া লিগকে পাখির চোখ করা উচিত।

Advertisement

আরও একটি বিষয়ে নিয়ে বলতেই হবে। আমি নিজেও বেশ কয়েক বছর আইএসএলে খেলেছি। তবে তার সঙ্গে ঘরোয়া লিগ, ডুরান্ড কাপের মতো টুর্নামেন্টও। এখন তো আইএসএলই সর্বেসবা। এই টুর্নামেন্ট খেললে নাকি আর কোথাও খেলা যাবে না। কেন? সারা বছরে ক’টা ম্যাচ হয় আইএসএলে? আমাদের সময় ঘরোয়া লিগ খেলেই নিজেকে গোটা মরশুমের জন্য তৈরি করতাম। মাথায় উপর রোদ, মাটির নীচে কাদা। ভিন্ন পরিস্থিতিতে খেলেছি বলেই কেরিয়ার দীর্ঘায়িত হয়েছে। এখনকার ফুটবলাররা দু’দিন অন্তর চোট পায়। কারণ, তাদের ঠিকঠাক প্রি-সিজন হয় না। আর সেটা একমাত্র ঘরোয়া লিগ খেলেই সম্ভব। ব্যক্তিগত মতামত, লিগে অন্তত দু’জন বিদেশি ফুটবলার প্রতিটি দলে খেলানো উচিত। তবেই তরুণ ফুটবলারদের মধ্যে সেই ম্যাচ টেম্পারমেন্ট তৈরি হবে। আজ ঘরোয়া লিগে মূলত রিজার্ভ টিম খেলাচ্ছে তিন প্রধান। খুব ভালো কথা। তবে ক’জন ফুটবলার এই দল থেকে সিনিয়র দলে সুযোগ পাচ্ছে? এই দিকটাতেও আমাদের নজর রাখতে হবে। শুধু ফুটবলার তুলে আনার কথা মুখে বললেই হবে না, সেটাকে কার্যকরী করতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ