বিগ বস সিজন ১৮-এর ফাইনালে পৌঁছতে পারেননি। তবে এর মাধ্যমেই ফের আলোচনায় শিল্পা শিরোদকর। সোনাক্ষী সিনহার সঙ্গে ‘জাটধারা’তে কাজ করলেন তিনি। একান্ত সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতাও ভাগ করে নিলেন অভিনেত্রী।
বিগ বস সিজন ১৮-এর ফাইনালে পৌঁছতে পারেননি। তবে এর মাধ্যমেই ফের আলোচনায় শিল্পা শিরোদকর। সোনাক্ষী সিনহার সঙ্গে ‘জাটধারা’তে কাজ করলেন তিনি। একান্ত সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতাও ভাগ করে নিলেন অভিনেত্রী।
• বিগ বস-এর কারণে ফের আপনি চর্চায়...
•• আমি কখনও ভাবিনি এমনটা হবে। কেবল অভিনেত্রী হিসেবে নয়, মানুষ হিসেবে আমাকে সকলে ভালোবাসছেন। এটাই পাওনা।
• ফের অভিনয়ে কামব্যাক। পরিবারের সমর্থন পেয়েছেন?
•• সবসময়। আমি সবকিছু পরিবারের সঙ্গে শেয়ার করি। আমার মেয়ে, স্বামী, বোন, ভাইঝি, ভাইপো, জামাইবাবু... সকলে আমাকে ভীষণ ভালোবাসেন। প্রত্যেকে চান, আমি যা-ই করি, তাতে যেন সফল হই।
• আপনার মেয়ে সদ্য স্নাতক হল। বলিউড কি তাঁর পরের লক্ষ্য?
•• ও আইনজীবী হতে চায়। সে জন্য পড়াশোনা করছে, প্রস্তুতি নিচ্ছে। এখনই বলিউডে কাজ করতে চায় না। তবে কখনওই করবে না, এমনটাও জোর দিয়ে বলা যায় না।
• ‘জাটধারা’ তো অলৌকিকতার গল্প বলে। আপনি অলৌকিকতায় বিশ্বাসী?
•• না। তবে আমি ঈশ্বরে বিশ্বাসী। আমি মনে করি, যেখানে অশুভ থাকে, সেখানে শুভও থাকে। শুভ শক্তির প্রতিপক্ষ হিসেবে সর্বদা অশুভ শক্তি থাকবেই। আমি বিশ্বাস করি, অন্যের ভালো করলে নিজের সঙ্গেও ভালো হবে।
• ভয় সামলান কীভাবে?
•• আমি শুভ শক্তিতে বিশ্বাসী। অশুভতে নই। ফলে ভয়ের কোনও কারণ নেই।
• ‘জাটধারা’র পরিচালকদের সঙ্গে এটা আপনার প্রথম কাজ। কেমন অভিজ্ঞতা?
•• ভেঙ্কট আর অভিষেক, দু’জন মিলে ছবিটি পরিচালনা করেছেন। দারুণ কাজ করেছেন দু’জনেই। গল্প শুনেই বুঝতে পেরেছিলাম, তাঁরা ঠিক কী চাইছেন। ফলে অভিনেতা হিসেবে আমার কাজ অনেক সহজ হয়ে গিয়েছিল।
• আর সোনাক্ষী সিনহা? ওঁর সঙ্গে কাজ করে কেমন লাগল?
•• আমার বেশিরভাগ দৃশ্য তো সোনাক্ষীর সঙ্গেই ছিল। অত্যন্ত পেশাদার, পরিশ্রমী অভিনেত্রী। প্রায় তিনঘণ্টা ধরে তৈরি হতে হতো সোনাক্ষীকে। তারপর ভারী পোশাক। সেগুলি নিয়ে আগুন, হোমযজ্ঞের দৃশ্য করতে কেমন কষ্ট হয়, বুঝতেই পারছেন। কিছু দৃশ্যে উচ্চস্বরে চিৎকারও করতে হয়েছে। সেটের বাইরেও ওর সঙ্গে কথা বলেছি। কম বয়সি বলে ওর সঙ্গে অনেক কথা শেয়ার করা যায়।
• ওটিটিতে কাজ করবেন?
•• হ্যাঁ। একটা ওয়েব সিরিজ করছি। আদি শংকরাচার্যের বায়োপিক। নাম ‘শংকর: দ্য রেভলিউশনারি ম্যান’। শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। আগামী বছর মুক্তি পাবে।
• ওটিটিতে এখন অনেক ‘বোল্ড’ কনটেন্টও দেখা যায়। আপনি সেই ধরনের চরিত্রের জন্য প্রস্তুত?
•• আমার ধারণা, আমাকে যাঁরা প্রস্তাব দেবেন, তাঁরা আমার ভাবমূর্তি মাথায় রেখেই দেবেন।
শামা ভগত • মুম্বই