মাহমুদ আল আমনা: ২০১৭ সালে আইজল এফসি থেকে সই করি ইস্ট বেঙ্গলে। পাহাড়ের মানুষ ফুটবল ভালোবাসেন। আইজলে আই লিগ জেতার পর গ্যালারির উন্মাদনা ভোলার নয়। কিন্তু কলকাতায় পা রেখে বুঝলাম, এই শহর কেন ভারতীয় ফুটবলের মক্কা। আর ডার্বি এলে তো কথাই নেই। গোটা পরিবেশই বদলে যেত। আবাসনের পরিচিতরা তো বটেই, ট্যাক্সিচালকও গোলের আব্দার জানাতেন। এই শহরের ফুটবল আবেগকে কুর্নিশ জানাতে হয়। ঘরোয়া লিগের ম্যাচেও প্রবল উন্মাদনা। এমনই এক ম্যাচের কথা মনে পড়ছে। লাল-হলুদের কোচ তখন সুভাষ ভৌমিক। প্রতিপক্ষ সম্ভবত জর্জ টেলিগ্রাফ। বৃষ্টিভেজা মাঠে পিছিয়ে পড়ে ইস্ট বেঙ্গল। শেষ পর্যন্ত সংযোজিত সময়ের গোলে ম্যাচ জেতার পর হাঁফ ছেড়ে বাঁচার অবস্থা। আসলে কলকাতা লিগ মানেই টানটান লড়াই। ব্যক্তিগত মত, আই লিগের ক্লাবকেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে প্রিমিয়ার ডিভিশনের দল। তখন প্রতিটি দলেই বিদেশি ফুটবলার রিক্রুট করার চল ছিল। বিভিন্ন দেশের বিদেশিরাও টক্কর দিতে মুখিয়ে থাকত।



