নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তম বেতন কমিশনের কাছে স্মারকলিপি, পরামর্শ ইত্যাদি জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হল। আগে ৩০ অক্টোবর পর্যন্ত এই সময়সীমা ছিল। এখন নভেম্বর মাসেও অনলাইনে তা জমা দেওয়ার সুযোগ দেওয়া হল বলে কমিশনের তরফে জানানো হয়েছে। সরকারি কর্মী-আধিকারিক ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের সংগঠন ছাড়াও ব্যক্তিগতভাবে কোনো কর্মী বা পেনশন প্রাপক অনলাইনে তাঁদের বক্তব্য কমিশনকে জানাতে পারেন। কয়েকদিন আগে সরকারি সাহায্যপ্রাপ্ত কিছু সংস্থা ও বিশ্ববিদ্যালয়কে কমিশনের আওতায় আনার বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই সংস্থার কর্মী ও অবসরপ্রাপ্তরা যাতে তাঁদের বক্তব্য কমিশনকে জানাতে পারেন, তার জন্যই অতিরিক্ত সময় দেওয়া হল বলে মনে করা হচ্ছে। সরকারি কর্মীদের প্রধান সংগঠনগুলি ইতিমধ্যে তাঁদের বক্তব্য কমিশনের কাছে পেশ করেছে অনলাইনে। তবে কাউকে কমিশনের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ এখনও দেওয়া হয়নি। সরকারি কর্মীদের নতুন বেতন হার, বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে কমিশন রাজ্য সরকারের কাছে সুপারিশ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে জানিয়েছেন, কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী বছরেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চাইছে রাজ্য সরকার।



