Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বিস্ময় কিশোরের পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট বিশ্ব, ‘নিউ সিক্স মেশিন’ নাম দিলেন গেইল

বৈভব জ্বরে আক্রান্ত ক্রিকেটপ্রেমীরা। ১৫ বছরের বিস্ময় কিশোরের ব্যাটিং বিস্ফোরণ হার মানায় কামানের গোলাকেও। চলতি আইপিএলে সবচেয়ে আলোচ্য চরিত্র এখন রাজস্থান রয়্যালসের বাঁ-হাতি ওপেনার।

বিস্ময় কিশোরের পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট বিশ্ব, ‘নিউ সিক্স মেশিন’ নাম দিলেন গেইল
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ চণ্ডীগড়: বৈভব জ্বরে আক্রান্ত ক্রিকেটপ্রেমীরা। ১৫ বছরের বিস্ময় কিশোরের ব্যাটিং বিস্ফোরণ হার মানায় কামানের গোলাকেও। চলতি আইপিএলে সবচেয়ে আলোচ্য চরিত্র এখন রাজস্থান রয়্যালসের বাঁ-হাতি ওপেনার। বৈভব সূর্যবংশীর আগ্রাসনে মুগ্ধ বর্তমান, প্রাক্তন রথী-মহারথীরাও। এবার সেই তালিকায় নাম লেখালেন ক্রিস গেইল। বুধবার হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে ২৯ বলে ৯৭ রানের ইনিংস দেখার পর যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না ‘ইউনিভার্সাল বস’। প্রাক্তন ক্যারিবিয়ান তারকার আবেগাপ্লুত পোস্টেই তা প্রতিফলিত। সোশ্যাল মিডিয়ায় গেইল লিখেছেন, ‘বৈভব প্রকৃত অর্থেই একজন দুর্দান্ত প্লেয়ার। ইয়ং ম্যান, তোমার খেলা দেখলে সত্যিই মন ভরে যায়! নিউ সিক্স মেশিন।’

Advertisement

ঝোড়ো ও বেপরোয়া ব্যাটিংয়ের জন্য গেইলকে ভোলা সম্ভব নয়। বোলার যত নামীই হোক না কেন, রেয়াত করতেন না তিনি। ঠিক যেন তাঁরই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বৈভবের ব্যাটিংয়ে। শনিবার মাত্র তিন রানের জন্য গেইলের দ্রুততম সেঞ্চুরির (আইপিএলে) রেকর্ড হাতছাড়া হয়েছে রাজস্থান ওপেনারের। তবে এক মরশুমে সবচেয়ে বেশি ছক্কার নিরিখে গেইলকে টপকে গিয়েছে বৈভব। বুধবারের ১২টি মিলিয়ে চলতি আসরে তার নামের পাশে আপাতত ৬৫টি ওভার বাউন্ডারি। আর ২০১২ সালে গেইল মেরেছিলেন ৫৯টি ছক্কা। এমন অবিশ্বাস্য কাণ্ড দেখার পর উত্তরসূরির নতুন নামকরণে একটুও দেরি করেননি ‘ইউনিভার্সাল বস’।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যেও লাফিয়ে বাড়ছে বৈভবের জনপ্রিয়তা। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, বিস্ময় প্রতিভাকে ঘিরে উন্মাদনার ঢেউ উঠছে গ্যালারিতেও। মাঠের বাইরে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে তারই জার্সি। এই পরিসংখ্যানে ধোনি-বিরাট-রোহিতের মতো মহাতারকাকেও টেক্কা দিচ্ছে ১৫ বছরের ব্যাটার। ভারতে এতদিন তিন জনের জার্সি সবচেয়ে বেশি চোখে পড়েছে— ধোনির ৭, কোহলির ১৮ ও রোহিতের ৪৫। তাঁদের খেলা না থাকলেও এই তিনটি জার্সি অহরহ দেখা গিয়েছে মাঠে। সেই লড়াইয়ে এবার ঢুকে পড়েছে বৈভবের ‘০৩’। উল্লেখ্য, আইপিএলের ওয়েবসাইট থেকে ক্রিকেটারদের জার্সি অনলাইনে বিক্রি হয়। জানা গিয়েছে, এবার সেই প্ল্যাটফর্মেও সবচেয়ে বেশি জার্সি বিক্রি হয়েছে বৈভবের।

Advertisement
সম্পর্কিত সংবাদ