নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসব মরশুমে রাজ্যে জিএসটি আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হল রাজ্যে। গতবছরের অক্টোবর মাসের তুলনায় চলতি বছরের অক্টোবর মাসে পশ্চিমবঙ্গে জিএসটি আদায় বেড়েছে ১৭ শতাংশ। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে রাজ্যে মোট ৬,০৫৫ কোটি টাকা জিএসটি আদায় হয়েছে। গতবছর একই মাসে এই আদায় ছিল ৫,১৭৫ কোটি টাকা।
তবে দেশের প্রধান রাজ্যগুলির মধ্যে অক্টোবরে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ৩৫ হাজার ১৫০ কোটি টাকা জিএসটি আদায় হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক। দক্ষিণের ওই রাজ্য থেকে আদায় হয়েছে ১৫ হাজার ৯২২ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে গুজরাত। তবে, সিকিম ও হিমাচল প্রদেশের মতো কিছু রাজ্যে আবার জিএসটি আদায়ের পরিমাণ কমেছে। রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে গোটা দেশেও জিএসটি আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। অর্থনীতি বিশেষজ্ঞ মনোজ মিশ্রর বক্তব্য, ‘অক্টোবরের জিএসটি বাবদ কর আদায় বৃদ্ধি উল্লেখযোগ্য মাইলফলক। কারণ, অক্টোবর মাস উৎসবের মরশুম। এইসময় ক্রেতাদের মধ্যে খরচের প্রবণতা বাড়ে। খুচরো কেনাকাটা বৃদ্ধি পায় এবং বিভিন্ন ক্ষেত্রে পণ্য লেনদেন হয়।’
চলতি বছরের অক্টোবরে দেশে জিএসটি আদায় ২ লক্ষ ৩১ হাজার কোটি টাকায় পৌঁছেছে, যা গতবছরের অক্টোবরের তুলনায় ২২.৯ শতাংশ বেশি। পণ্য আমদানি বাবদ রাজস্ব উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলেই জিএসটি আদায় বেড়েছে বলে ওই তথ্যে উল্লেখ করা হয়েছে। গতবছর অক্টোবরে মোট জিএসটি আদায়ের পরিমাণ ছিল ১ লক্ষ ৮৮ হাজার কোটি টাকা। কর ফেরত দেওয়ার পরেও চলতি বছরের অক্টোবরে মোট জিএসটি আদায় ২৫.৬ শতাংশ বেড়ে ২ লক্ষ ৩ হাজার কোটি টাকা হয়েছে। গতবছরের অক্টোবরে মোট জিএসটি আদায় হয়েছিল ১ লক্ষ ৬২ হাজার কোটি টাকা। মোট কর ফেরতের পরিমাণ এবার বেড়ে ৬.৫ শতাংশ হয়েছে। সব মিলিয়ে চলতি বছরের অক্টোবরে রিফান্ড দেওয়া হয়েছে ২৭ হাজার ৯৩৪ কোটি টাকা। কেন্দ্র জানিয়েছে, আমদানি থেকে রাজস্ব বৃদ্ধির হার একবছরে ৪২.২ শতাংশ বেড়ে ৭২ হাজার ২৪৬ কোটি টাকায় পৌঁছেছে। তারই প্রভাব পড়েছে জিএসটি আদায়ে। এছাড়া অক্টোবরে দেশে মোট অভ্যন্তরীণ রাজস্ব (গ্রস ডোমেস্টিক রেভিনিউ) আদায়ও ‘ডবল ডিজিট’ বৃদ্ধির মুখ দেখেছে।



