নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার থেকে রাজ্যজুড়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা ‘জীবন প্রমাণ’-এর জন্য ক্যাম্প করবে ভারতী ডাক বিভাগের আওতাধীন ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক বা আইপিপিবি। পেনশন ছাড়া হয়, রাজ্যের এমন ৬৯টি ট্রেজারি অফিসে যেমন সেই ক্যাম্প হবে, তেমনই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও-এর আঞ্চলিক অফিসগুলিতেও ক্যাম্প হবে। কলকাতায় ক্যাম্প হবে ইপিএফও আঞ্চলিক অফিস সল্টলেক ও পার্ক স্ট্রিটে। এছাড়া, জিপিওতে আলাদা ক্যাম্প করবে আইপিপিবি। নভেম্বর মাসজুড়ে এই ক্যাম্প চালু থাকবে, যেখানে পরিষেবা পাবেন পেনশনভোগীরা। পিএফ, প্রতিরক্ষা এবং টেলিকমের আওতায় যাঁরা আছেন, তাঁরা বিনা পয়সায় এই পরিষেবা পাবেন বলে জানা গিয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষের তরফে যাঁরা পেনশন পান, তাঁরাও এই সুবিধা পাবেন। তাঁদের ‘জীবন প্রমাণ’ সংক্রান্ত খরচ বহন করবে সংশ্লিষ্ট সংস্থা। বাকিদের মাথা পিছু ৭০ টাকা খরচ করতে হবে।



