কলকাতা সহ একাধিক রাজ্যে ফের বাড়ল গ্যাসের দাম, মাথায় হাত মধ্যবিত্তদের
  • ১ নভেম্বর, ২০২৬ ১০:৩৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১ নভেম্বর: একদিকে শীতের ছোঁয়া পড়ছে গোটা দেশে অন্যদিকে উত্তপ্ত হয়ে উঠছে গ্যাসের দাম। আজ নভেম্বরের শুরুতেই ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এদিন থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম কার্যকর হয়েছে। কলকাতায় সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ১৭ টাকা। এর ফলে নতুন দাম দাঁড়িয়েছে ২,৯৭১ টাকা। অন্যদিকে, দিল্লিতে ১০ টাকা বেড়ে বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ২,৮২০ টাকা। 

Advertisement

এছাড়াও দেশের অন্যান্য বড় শহরেও বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। মুম্বইয়ে ১০ টাকা ৫০ পয়সা বেড়ে নতুন দাম হয়েছে ২,৭৭৫ টাকা। চেন্নাইয়ে দাম বেড়েছে ১১ টাকা ৫০ পয়সা। সেখানে ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম ২,৯৯৪ টাকা ৫০ পয়সা। কিন্তু বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও গৃহস্থের ব্যবহারের ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন হয়নি। কলকাতায় আগের মতোই গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম থাকছে ৯৬৮ টাকা। দিল্লিতে ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইয়ে ৯৫৭ টাকা ৫০ পয়সা। পরপর তিন মাস ধরে বাণিজ্যিক এলপিজির দাম বাড়ায় নতুন করে চাপ বাড়তে চলেছে হোটেল, রেস্তরাঁ, খাবারের দোকান সহ বিভিন্ন ব্যবসায়। উৎসবের মরশুমে এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা।