হিমঘরে দেড় কোটি জবার কুঁড়ি, তবুও কালীপুজোতে বাড়বে দাম, বাসন্তী গাঁদার মালার চাহিদা বেশি
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনে কালীপুজো। এখন বিভিন্ন হিমঘরে মজুত প্রায় দেড় কোটি জবাফুলের কুঁড়ি। আগামী সপ্তাহে হিমঘর থেকে বিক্রির জন্য কলকাতার জগন্নাথঘাট ফুলবাজারে এসে পৌঁছবে জবা।

Advertisement

কালীপুজোতে বেশি বিক্রি হয় ১০০১ ও ১০৮ কুঁড়ির জবার মালা। ব্যবসায়ীদের আশা, এবার কালীপুজোয় বাজার ভালোই থাকবে। আর্থিকভাবে লাভবান হবেন তাঁরা। সারা রাজ্য ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক বলেছেন, ‘কলকাতার ফুলবাজারে জবা বেশি আসে দুই মেদিনীপুর, ২৪ পরগনা ও হাওড়া থেকে। সামনে সপ্তাহ থেকে খুচরো ফুল ব্যবসায়ীরা পাইকারি বাজার থেকে জবার কুঁড়ি কেনা শুরু করে দেবেন। সঙ্গে কিনবেন বেলপাতার বান্ডিল। এখনই বান্ডিল বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে।’
ফুলচাষি  ও ব্যবসায়ীরা জানান, জবা শুধু নয় সঙ্গে গাঁদার মালাও হিমঘরে পাঠানো হবে। কালীপুজোয় সর্বজনীন পুজোগুলির পাশাপাশি মঠ‑মন্দির‑আশ্রমগুলিও অন্যান্য ফুল ও গাঁদার মালায় সাজানো হয়। তাই শ্যামাপুজোয় গাঁদার চাহিদা বেশি থাকে। সে কারণে বাসন্তী গাঁদা বেশি মজুত হয় হিমঘরে। খুচরো ফুল বিক্রেতাদের বক্তব্য, বছরের অন্যান্য সময় জবার দাম স্বাভাবিক থাকে। কিন্তু জবা ছাড়া যেহেতু মাতৃপুজো সম্ভব নয় তাই এ সময় জবার দাম ওঠানামা করে। এবার পুজোর দিন দাম কত ওঠে তার দিকে লক্ষ্য সবার। এখনও শহরের বিভিন্ন খুচরো ফুলবাজারে জবার মালার দাম স্বাভাবিক আছে। কিন্তু দু-একদিনের মধ্যেই দাম বাড়া শুরু হবে।