কলকাতা: মহম্মদ সেলিম রেজা। বয়স ৩৮। মুর্শিদাবাদ জেলার একটি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক। নির্বাচন কমিশন নিযুক্ত ফরাক্কার ১৮৬ নম্বর বুথের বিএলও। এসআইআর চলাকালীন এলাকার মানুষকে ফর্ম ফিল-আপ ও নথি জমা দেওয়ার কাজে সাহায্য করেছিলেন। এপ্রিলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখেন, তাঁর নামই ‘বিচারাধীন’। সাত মাস কেটে গিয়েছে। রেজার নাম এখনও ‘বিচারাধীন’ তালিকাতেই। শুধু রেজা নন, ফরাক্কা বিধানসভা কেন্দ্রের মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিনটি ভোটগ্রহণ কেন্দ্রের মোট ১ হাজার ৯১৪ ভোটারের নাম রয়ে গিয়েছে ‘বিচারাধীন’ তালিকাতেই। কারণ কী? স্থানীয় বিএলওদের দাবি, এইসব ভোটারদের বিচার বিভাগীয় পর্যালোচনার কাজ করাই হয়নি। এই ‘বিচারাধীন’রা সবাই মুসলিম।
মুখ্য নির্বাচনি আধিকারিকের (সিইও) দপ্তরের রিপোর্ট বলছে, রাজ্যজুড়ে আর মাত্র হাজার ছ’য়েক ভোটারের নাম এখনও ‘বিচারাধীন’ তালিকায় রয়েছে। যদিও ‘দ্য ওয়্যার’-এর একটি রিপোর্টে দাবি, সংখ্যাটা ঢের বেশি। শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই বাস্তব সংখ্যাটা কল্পনাতীত। এই জেলার ২২টির মধ্যে ১১টি বিধানসভা আসনের ৩০৪টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটার তালিকা পর্যালোচনা করে চাঞ্চল্যকর তথ্য সামনে আনা হয়েছে। শুধুমাত্র এই ভোটগ্রহণ কেন্দ্রগুলিতেই ‘বিচারাধীনে’র সংখ্যা ২৯ হাজার ৩৪৭। তাঁদের মধ্যে অন্তত ২৬ হাজার মুসলিম। অর্থাৎ, কমিশন রাজ্যজুড়ে ৬ হাজার ‘বিচারাধীনে’র যে তথ্য দিচ্ছে, শুধুমাত্র এখানেই সংখ্যাটা তার থেকে প্রায় পাঁচগুণ বেশি। ফলে গোটা রাজ্যজুড়ে প্রকৃত সংখ্যাটা ঠিক কত, তা নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে রিপোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিচার বিভাগীয় অফিসারদের ছাড়পত্র পেলে তবেই কোনো ‘বিচারাধীন’ ভোটারের নাম ফের ভোটার তালিকায় যুক্ত হবে। কিন্তু এক্ষেত্রে বিচার বিভাগীয় অফিসারদের পর্যালোচনার অভাবে মুর্শিদাবাদের এই ভোটাররা এপ্রিল মাসে ভোট দিতে পারেননি। এবং এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় তাঁরা এসআইআর ট্রাইবুনালে আবেদন পর্যন্ত করতে পারছেন না। ঘটনাচক্রে, ট্রাইবুনালগুলিতে ইতিমধ্যেই লক্ষ লক্ষ আবেদন ঝুলে রয়েছে। আর ‘বিচারাধীন’ তালিকায় যাঁরা এখনও থেকে গিয়েছেন, তাঁদের অবস্থা আরও করুণ। কারণ, বর্তমান পরিস্থিতিতে না তাঁদের নাম বাদ গিয়েছে, না অন্তর্ভুক্ত হয়েছে ভোটার তালিকায়। আর বিচার বিভাগীয় পর্যালোচনা না হওয়ায় তাঁরা ট্রাইবুনালেও আবেদন করতে পারছেন না।



