নয়াদিল্লি: ভোটার তালিকায় নাম খুঁজে বের করার প্রক্রিয়া সহজ হোক। বারবার এই দাবি উঠেছে। প্রশ্ন উঠেছে, স্ক্যান করা বিপুল সংখ্যক নথি স্ক্রল করে নাম খুঁজে বের করার জটিলতার বদলে কয়েকটি ক্লিকেই ভোটারের যাবতীয় তথ্য পাওয়া যাবে—এমন প্রযুক্তি কেন আনা হবে না? ‘মেশিন রিডেবল’ ভোটার তালিকার দাবি করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্কের আবহে এই দাবি আরও জোরাল হয়। কিন্তু নির্বাচন কমিশন যা করেনি, তা করে দেখালেন ১৮ বছরের এথিক্যাল হ্যাকার সার্থক সিদ্ধান্ত। রাঁচির ওই পড়ুয়া জানিয়েছেন, উত্তরপ্রদেশের ভোটার তালিকার ৬ লক্ষ ৮০ হাজার পিডিএফ ফাইল ডিজিটাইজড করেছেন তাঁরা। মূলত স্ক্যান করা এবং ইমেজ বা ছবি-ভিত্তিক নথিগুলিকে ‘সার্চেবল ডেটাসেট’-এ রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন সার্থক ও তাঁর সঙ্গীরা। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মোট ৫৪ কোটি ৮০ লক্ষ ভোটারের রেকর্ড। ‘সার্চেবল’ হওয়ার ব্যক্তিগত তথ্যের সাহায্যে সহজেই ভোটার তালিকায় নাম খুঁজে পাওয়া যাবে। এক্স হ্যান্ডলে সার্থকের এই ঘোষণার পরেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এবারই প্রথম নয়। এর আগেও সিবিএসই-র ডিজিটাল মূল্যায়ন ব্যবস্থার গলদ ধরে শিরোনামে এসেছিলেন সার্থক।
কোন পদ্ধতিতে এই সাফল্য? এব্যাপারে সার্থক জানিয়েছেন, উত্তরপ্রদেশের মোট চারটি ভোটার তালিকা ব্যবহার করেছেন তাঁরা। এর মধ্যে রয়েছে ২০২৪ সালের লোকসভা ভোটের তালিকা, এসআইআর চলাকালীন খসড়া ও চূড়ান্ত তালিকা এবং ২০২৭ সালের খসড়া তালিকা। সার্থকের বক্তব্য, কমিশনের প্রকাশ করা সমস্ত ভোটার তালিকার পিডিএফ-কে তাঁরা অপটিকাল ক্যারেক্টর রেকগনিশন (ওসিআর)-এ রূপান্তরিত করেছেন। ওসিআর প্রযুক্তি স্ক্যানড ছবির লেখাকে কম্পিউটারের পাঠযোগ্য করে। আর এতেই ভোটার তালিকায় নাম ও অন্যান্য তথ্য ‘সার্চ’ করা সহজ হয়েছে। তবে ভোটারদের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সার্থকের এই উদ্যোগের প্রশংসা করে অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেছেন, ‘এই কাজ দীর্ঘ ও শ্রমসাধ্য হলেও অত্যন্ত জরুরি। নাগরিকরা সচেতন হলে এবং সরকারি প্রতিষ্ঠানগুলি নজরদারির মধ্যে থাকলেই তা গণতন্ত্রের সার্থকতা।’ সাংবাদিক পঙ্কজ পাচৌরির বক্তব্য, ‘সরকারের কাজ নিজেরা করে দেওয়াই ভালো। কারণ কমিশন এটা করার সাহস পাবে না। এটিই প্রকৃত জনসেবা।’
সার্থক সিদ্ধান্ত। ফাইল চিত্র



