Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১১০ দিনের ‘হোমটাস্ক’ দিয়ে যোদ্ধাদের ছাব্বিশের ভোটযুদ্ধে নামালেন সেনাপতি, নেতা নয়, কেবল তৃণমূলের নামেই প্রচারের নির্দেশ অভিষেকের

মাঠে-ময়দানে সভা, সমাবেশ, মিছিলের মাধ্যমে যেমন জবাব দেওয়া হচ্ছে, তেমনই সামাজিক মাধ্যমেও যুক্তিসহকারে তথ্য পেশ করতে হবে। আগামী ১১০ দিনের হোমটাস্ক দিয়ে ছাব্বিশের ভোটযুদ্ধে তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের নামালেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

১১০ দিনের ‘হোমটাস্ক’ দিয়ে যোদ্ধাদের ছাব্বিশের ভোটযুদ্ধে নামালেন সেনাপতি, নেতা নয়, কেবল তৃণমূলের নামেই প্রচারের নির্দেশ অভিষেকের
  • ১৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঠে-ময়দানে সভা, সমাবেশ, মিছিলের মাধ্যমে যেমন জবাব দেওয়া হচ্ছে, তেমনই সামাজিক মাধ্যমেও যুক্তিসহকারে তথ্য পেশ করতে হবে। আগামী ১১০ দিনের হোমটাস্ক দিয়ে ছাব্বিশের ভোটযুদ্ধে তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের নামালেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

সোমবার কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে ডিজিটাল কনক্লেভ আয়োজন করেছিল তৃণমূল। ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’—শীর্ষক কর্মসূচি হয়েছিল। বিভিন্ন জেলা থেকে ১০ হাজার তৃণমূলের ডিজিটাল যোদ্ধা এসেছিলেন। ফেসবুক, টুইটার, ইউটিউব-সহ সামাজিক মাধ্যমে দলের হয়ে আওয়াজ তুলতেই ডিজিটালবাহিনী তৈরি করেছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, বাংলা সম্পর্কে মিথ্যা খবর, ফেক ভিডিয়ো সামাজিক মাধ্যমে তুলে ধরছে বিজেপি। আর জি কর ঘটনার সময়ও বাংলাকে ওরা চূড়ান্তভাবে অপমানিত করেছিল। কিন্তু এবার বিধানসভার ভোটযুদ্ধে সামাজিক মাধ্যমে বিজেপিকে প্রতিমুহূর্তে জবাব দেওয়ার শপথ নিয়েছেন তৃণমূলের ডিজিটাল যোদ্ধারা। 
এদিনের সম্মেলনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের ডিজিটাল যোদ্ধারা হলেন এয়ারফোর্সের মতো। বিজেপিকে একদিনের জন্য এক ইঞ্চি জমিতেও ছাড় নয়। দল আমাদের কাছে মা। তাই নিজের শেষ রক্ত বিন্দু দিয়ে মা’কে সম্মান জানাতে ডিজিটাল যোদ্ধাদের পুরোদমে নামতে হবে।
ডিজিটাল যোদ্ধাদের কী করতে হবে, তার একটি নির্দেশিকা অভিষেক এদিন দিয়েছেন। তাঁর সাফ কথা, ব্যক্তির থেকে দল বড়ো। তাই ছোটো, মেজো, বড়ো নেতাদের নামে জয়ধ্বনি নয়—জয়ধ্বনি হবে কেবল তৃণমূলের নামে। সস্তায় প্রচার পাওয়ার জন্য ফেসবুক, টুইটারে আলটপকা মন্তব্য বা পোস্ট করা যাবে না। রাজ্যের ৬৫০০টি অঞ্চল এবং ওয়ার্ডে তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নকে তুলে ধরতে হবে। বিজেপি বিরেুদ্ধে তথ্য ও যুক্তি দিয়ে এবং শালীনতা বজায় রেখেই জবাব দিতে হবে। বিজেপি নাকি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দেবে, আমরা ওদের কাছে রিপোর্ট কার্ড চাইব, বাংলার জন্য কী করেছেন? সামাজিক মাধ্যমে বিজেপির সব ষড়যন্ত্র ভাঙতে হবে।
সোশ্যাল মিডিয়ায় যাঁরা ভালো কাজ করবেন, তাঁদের খুঁজে বের করে সম্মান জানানো হবে বলে তৃণমূল জানিয়েছে। তৃণমূলের প্রত্যয়ী সুর, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ফল অনেক ভালো হবে। যেখানে অভিষেকের স্পষ্ট বার্তা, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। ২৫০ আসনে জয় সুনিশ্চিত করতে সকলে একযোগে পরিশ্রম করতে হবে। লোকসভায় যদি বিজেপিকে ৪-৫টি আসনে নামিয়ে আনা যেত, তাহলে এসআইআর হত না। ৭৮ জন মানুষের প্রাণ যেত না। অন্যদিকে, বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, আমরা যোগী আদিত্যনাথের কাছ থেকে হিন্দুত্ব শিখব না। স্বামী বিবেকানন্দের হিন্দুত্বই আমাদের আদর্শ।

Advertisement
সম্পর্কিত সংবাদ