নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের আবাসন বাজার চলতি বছরে কিছুটা মন্দা লক্ষ করা গিয়েছে। দেশের শীর্ষস্থানীয় এক রিয়েল এস্টেট পরামর্শদাতা সংস্থার দাবি, চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা মেট্রোপলিটন এলাকায় মোট ৪১ হাজার ৩০৯টি ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয়েছে। গতবছরের ওই একই সময়ের তুলনায় তা ১২ শতাংশ কম। গতবছর এইসময়ে রেজিস্ট্রেশন হয়েছিল ৪৬ হাজার ৭৪২টি ফ্ল্যাটের। শুধু সেপ্টেম্বর মাসের হিসাব ধরলে, গতমাসে ৪ হাজার ৮৪৫টি ফ্ল্যাট রেজিস্ট্রেশন হয়েছে কলকাতায়। ২০২৫ সালের সেপ্টেম্বরের তুলনায় তা ৯ শতাংশ কম। তবে গত আগস্টের তুলনায় ফ্ল্যাট বিক্রি বেড়েছে ২ শতাংশ। অর্থাৎ আগস্টের পর সেপ্টেম্বরে বাজারে সামান্য ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে।
এই রিপোর্টের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, বড়ো ফ্ল্যাটের প্রতি আগ্রহ বাড়ছে গ্রাহকদের। ৫০১ থেকে এক হাজার বর্গফুটের মাঝারি আকারের ফ্ল্যাট এবার সবচেয়ে বেশি পছন্দের তালিকায়। এই বিভাগে ২৪ হাজার ফ্ল্যাট রেজিস্ট্রেশন হয়েছে, যা মোট বিক্রির ৫৮ শতাংশ। গতবছর একই সময়ে এই হার ছিল ৪৬ শতাংশ। এক হাজার বর্গফুটের বেশি বড়ো ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয়েছে হয়েছে ৪ হাজার ৩৮১টি। অন্যদিকে, ৫০০ বর্গফুট বা তার নীচের ছোটো ফ্ল্যাটের বিক্রির ভাগ ৪৮ শতাংশ থেকে নেমে ৩১ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ গতবছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যেখানে প্রতি ১০০টি ফ্ল্যাট বিক্রির মধ্যে ৫০০ বর্গফুট বা তার নীচের ফ্ল্যাটের সংখ্যা ছিল ৪৮টি, তা এবার কমে ৩১টিতে দাঁড়িয়েছে। রিপোর্টটি জানাচ্ছে, অঞ্চলভিত্তিক হিসাবে উত্তর ও দক্ষিণ কলকাতাই আবাসন বাজারের মূল চালিকাশক্তি। মহানগরে সেপ্টেম্বরে যত ফ্ল্যাট বিক্রি হয়েছে, উত্তর কলকাতা ও শহরতলি তার ৩৬ শতাংশ দখলে রেখেছে। গতবছর সেপ্টেম্বরে তা ছিল ৩৪ শতাংশ। এবার শীর্ষে উত্তর কলকাতা ও উত্তর শহরতলিই। দক্ষিণ কলকাতার ভাগ ৩৮ শতাংশ থেকে কমে ৩১ শতাংশে নেমেছে। লোকেশন হিসাবে সবচেয়ে বেশি চাহিদা ছিল রাজারহাটে। সেখানে গতমাসে ফ্ল্যাট বিক্রি হয়েছে ৩৮০টি। তারপর খড়দহে ৩৩৫টি, দমদমে ৩০৫টি, বারাসতে ২০৬টি এবং বেহালায় ২০৫টি ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয়েছে।



