বারুইপুরে ভেঙে গেল পুরবোর্ড
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: টানা ২৬ বছর বারুইপুর পুরসভার ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই পুরবোর্ডের সদস‌্যরা পদত্যাগ করলেন। ভাঙল বোর্ড। মেলে পদত্যাগ পত্র পাঠানো হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক, বারুইপুর মহকুমা শাসক ও রাজ্যের পুরো ও নগরোন্নয়ন দপ্তরে— এমনই জানিয়েছেন চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী ও ভাইস চেয়ারম্যান গৌতম দাস। গত ১৭ নভেম্বর পুরবোর্ড ভেঙে দেওয়ার কথা জানিয়েছিলেন পুরসভা কর্তৃপক্ষ। বারুইপুর পুরসভায় ১৭টি ওয়ার্ড। শুক্রবার বোর্ড মিটিং এর পর সাংবাদিক বৈঠক ডেকে পদত্যাগ করার কথা ঘোষণা করলেন সদস্যরা। এদিন চেয়ারম্যান বলেন, ২০০০ সালে প্রথম তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করেছিল বারুইপুর পুরসভায়। ইরা চট্টোপাধ্যায় প্রথম চেয়ারম্যান ছিলেন বোর্ডের। পুরসভা এলাকা জুড়ে অনেক উন্নয়ন হয়েছে। মানুষ সহযোগিতা করেছেন। অন্যদিকে, ভাইস চেয়ারম্যান গৌতম দাস বলেন, আর্থিক সংকট ও কাউন্সিলারদের মিথ্যা কেসে ফাঁসানোসহ নানা ঝামেলায় জর্জরিত ছিল পুরোবোর্ড। তাই বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। আশা করব, আগামী দিনে প্রশাসনের সহযোগিতায় নাগরিকরা সব পরিষেবা পাবেন। অসুবিধা হবে না। কাউন্সিলার মোজাফফর আহমেদ বলেন, ইচ্ছার বিরুদ্ধে এই পদত্যাগ। আগামী দিনে মানুষের কাছে আরও যাব। এদিন ৫ নম্বর ওয়ার্ডের ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পুরসভার বোর্ড মিটিংয়ে ছিলেন না। 

Advertisement