কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায়..! কতটা সময় কাটানোর পর প্রিয় মানুষকে বোঝা যায়? আদৌ বোঝা যায় কি? নাকি সবটাই ভুল বোঝাবুঝির খেলা! প্রেম, ভালোবাসা, ঠিক, ভুলের পথ ধরেই তৈরি হয়েছে ‘তোমাকে বুঝি না প্রিয়’। আগামী ১৫ আগস্ট থেকে আড্ডাটাইমসে দেখা যাবে নতুন এই ওয়েব সিরিজ। পরিচালনার দায়িত্বে অরিজিৎ তোতন চক্রবর্তী। মুখ্য চরিত্রে অর্জুন চক্রবর্তীর সঙ্গে রয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। এক সাক্ষাৎকারে কাজের নানা অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেতা।
প্রেমের জোয়ারে
প্রেমের গল্প যে কোনও প্ল্যাটফর্মে দেখতে ভালোবাসেন দর্শক। এতদিনের অভিজ্ঞতায় অর্জুনের উপলব্ধি তেমনই। তিনি বলেন, ‘প্রেম শাশ্বত, চিরন্তন। রোম্যান্টিক গল্প দেখতে দর্শক সবসময়ই ভীষণ পছন্দ করেন। অন্য সব ঘরনার গল্পের পরেও দর্শক প্রেমের জোয়ারে ভাসতে চাইবেন। ওটিটি, ধারাবাহিক বা বড়পর্দা যেকোনও মাধ্যমেই প্রেমের গল্পের আকর্ষণে বুঁদ হয়ে থাকতে চান দর্শক।’
তোমাকে বুঝি না প্রিয়
প্রেমের নানা রং তৈরি হয়। এই সিরিজের প্রেমে ভুল বোঝাবুঝির স্বাদ রয়েছে। অভিনেতার কথায়, ‘জীবনে ভুল বোঝাবুঝির শিকার কমবেশি সকলেই। আমিও ব্যতিক্রম নই। কখনও ভুল বোঝাবুঝি মিটেছে, আবার কখনও মেটেনি। অনেকের প্রেম ভেঙে যায়, বিয়ে ভেঙে যায়। আমার সৌভাগ্য আমাকে সেগুলো খুব কাছ থেকে দেখতে হয়নি।’
প্রিয় মানুষ, পরিবার
ব্যক্তিগত জীবন এবং পেশাদার জগৎ বরাবর আলাদা রাখতে ভালোবাসেন অর্জুন। কাজের পর বাকি সময়টা বাড়িতে থাকতে ভালোবাসেন। পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। প্রিয় মানুষ কে? অর্জুনের সপ্রতিভ জবাব, ‘আমার জীবনের প্রিয় মানুষ আমাদের মেয়ে অবন্তিকা, স্ত্রী সৃজা, মা, বাবা। দাদা, বৌদি এবং ভাইপোও। শত ব্যস্ততার শেষে আমি এই প্রিয় মানুষগুলোর কাছেই ফিরতে চাই। আমি খুব ঘরকুনো। ফলে কলকাতার বাইরে কাজ করা আমার কাছে অত্যন্ত কঠিন।’
আয় আরও বেঁধে বেঁধে থাকি
শুধু প্রেম নয়। যে কোনও সম্পর্কে বেঁধে বেঁধে থাকা জরুরি বলে মনে করেন অর্জুন। আর প্রেমের প্রধান শর্তই বেঁধে বেঁধে থাকা। প্রিয় মানুষ, পরিবারের সঙ্গে এই বেঁধে থাকার মন্ত্রেই বিশ্বাসী তিনি। নানা সময় তাঁর ব্যক্তিজীবন নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরেই বহু জল্পনা তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নানা রটনা রটেছে। সেসবে কান দিতে নারাজ অভিনেতা। তাঁর মতে, ‘আমি এবং আমার স্ত্রী জানি আমাদের সম্পর্কের ভিত কতটা মজবুত। আমরা জীবনে সুন্দরভাবে পথ চলাতেই বিশ্বাসী।’
পূর্বাশা দাস