গুয়াহাটি ও চেন্নাই: ভোটের জন্য তৈরি অসম। বিধানসভা নির্বাচনের আগে নগাঁওয়ের কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদোলই বিজেপিতে যোগ দেন। এখন তিনি বিজেপি বিধায়ক। প্রদ্যোতের ছেড়ে দেওয়া নগাঁও লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে আজ, মঙ্গলবার। রাজনৈতিক মহলের মতে, এবারের লড়াই ত্রিমুখী। সংখ্যালঘু অধ্যুষিত এই আসনের দখল ফিরে পেতে মরিয়া কংগ্রেস। বিজেপির সামনে চ্যালেঞ্জ এই কেন্দ্রে নিজেদের প্রভাবপ্রতিপত্তি বৃদ্ধি। আর এআইইউডিএফের কাছে এবারের লড়াই অস্তিত্বরক্ষার। গত এপ্রিলের বিধানসভা নির্বাচনে এআইইউডিএফের আসন ১৬ থেকে কমে দাঁড়িয়েছে ২টিতে। কমিশন সূত্রে জানানো হয়েছে, এই কেন্দ্রে এবার ১৫ জন প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে ন’জনই নির্দল। নাগাঁওতে প্রাক্তন বিধায়ক শিবমণি বোরাকে প্রার্থী করেছে কংগ্রেস। প্রাক্তন আইএএস আধিকারিক দেবাশিস শর্মা বিজেপির প্রার্থী হয়েছেন। আর বিধায়ক বদরুদ্দিন আজমলকে প্রার্থী করেছে এআইইউডিএফ। মমতাপন্থী তৃণমূল কংগ্রেস এই আসনে প্রার্থী করেছিল শিক্ষাবিদ আবদুল সালামকে। তবে দলের নাম ও প্রতীক বাজেয়াপ্ত হওয়ার প্রতিবাদে তিনি প্রার্থী পদ প্রত্যাহার করে নেন।



