নয়াদিল্লি: শুধু বিরাট কোহলি ও রোহিত শর্মাই নন, আসন্ন বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যাবে ভারতের প্রায় সমস্ত তারকাকেই। মুল্লানপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের পর ক্রিকেটারদের তা পরিষ্কার জানিয়েও দিয়েছে বিসিসিআই। ফলে শুভমান গিল, যশপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের দেখা যাবে পঞ্চাশ ওভারের এই ঘরোয়া প্রতিযোগিতায়। আমেদাবাদে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচ ১৯ ডিসেম্বর। বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচ আবার ২৪ ডিসেম্বর। এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু ১১ জানুয়ারি। এই তিন সপ্তাহের মধ্যে বিজয় হাজারে ট্রফির ছয় রাউন্ড হবে। তার মধ্যে তারকাদের অন্তত দুটো করে ম্যাচ খেলতে বলেছে বিসিসিআই। তবে শ্রেয়স আয়ারের ক্ষেত্রে এই নির্দেশিকা খাটছে না। তিনি এখনও সুস্থ হননি। এদিকে, পরিবারের ঘনিষ্ঠ একজন হাসপাতালে ভর্তি হওয়ার কারণে বাড়ি ফিরেছেন তিনি। লখনউয়ে বুধবার তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।



