Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট হবে ডিজিটাল ফরম্যাটে, ই-বিধান নিয়ে তরৎপতা

বিধানসভার যাবতীয় কাজকর্ম পরিচালিত হবে অনলাইন-ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে। এর জন্য প্রস্তুতি পুরো মাত্রায় শুরু হয়ে গিয়েছে।

বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট হবে ডিজিটাল ফরম্যাটে,  ই-বিধান নিয়ে তরৎপতা
  • ৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাহুল চক্রবর্তী, কলকাতা: বিধানসভার যাবতীয় কাজকর্ম পরিচালিত হবে অনলাইন-ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে। এর জন্য প্রস্তুতি পুরো মাত্রায় শুরু হয়ে গিয়েছে। সেই সূত্রেই চেষ্টা চলছে, আগামী বছর বিধানসভায় বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে আধুনিকতার মোড়কে। সৌজন্যে বিধায়কদের হাতে হাতে ‘ট্যাব’! তাই আধিকারিকরা ১০০ দিনের টার্গেট নিয়ে ই-বিধানকে পূর্ণতা দিতে তৎপরতায় কোনো খামতি রাখছেন না। ইতিমধ্যে ‘ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন’ বা ‘নেভা’র অর্ন্তভুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। এর মাধ্যমে বিধানসভার যাবতীয় কাজ পেপারলেস ডিজিটাল ফরম্যাটে করার প্রস্তুতি চলছে। বিধানসভায় বিধায়কদের প্রশ্ন-উত্তর, দৃষ্টি আকর্ষণ, প্রস্তাব, বিল, বিভিন্ন বিষয়ে বক্তাদের তালিকা—সবটাই ডিজিটাল মাধ্যমে করার কাজ চলছে। এই ই-বিধান প্রকল্পের জন্য কেন্দ্র অর্থ বরাদ্দও করেছে। সম্প্রতি কলকাতায় বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে এসে কেন্দ্রের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমবঙ্গ বিধানসভায় ই-বিধান দ্রুততার সঙ্গে কার্যকর হবে। তার জন্য কেন্দ্রের তরফে রাজ্যকে সবরকম সহযোগিতা করা হবে।

Advertisement

বিধানসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে, আগামী বছরের রাজ্য বাজেটই বিজেপি বাংলায় ক্ষমতায় আসার প্রথম পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। তখনই বড়ো চমক দিতে চায় তারা। সেই মতো গোটা বাজেট ভাষণ প্রক্রিয়াই ডিজিটাল ফরম্যাটে আয়োজনের প্রস্তুতি চলছে। কেন্দ্রেও রয়েছে এমন ব্যবস্থা। 
বিধানসভার আধিকারিকদের সূত্রে খবর, এই ই-বিধান কর্মসূচি রূপায়ণে তিনটি বিভাগ কাজ করছে। অ্যাডমিনিস্ট্রেটিভ, ফিনান্স ও ডেভেলপমেন্ট। প্রশাসনিক কাজগুলি দেখছেন কয়েকজন আধিকারিক। অনলাইন-ডিজিটালাইজড ব্যবস্থা চালুর খরচ সংক্রান্ত বিষয়গুলি দেখছে আলাদা একটি বিভাগ। আর ডেভলপমেন্ট বা পরিকাঠামো তৈরির কাজে রয়েছেন আরও কয়েকজন আধিকারিক। ইতিমধ্যে বিধানসভার অধিবেশন সরাসরি সম্প্রচার বা লাইভ চালু হয়েছে। ইউটিউব, ফেসবুক পেজের মাধ্যমে বিধানসভা অধিবেশনের ঘটনাবলি সরাসরি দেখতে পাচ্ছে আম জনতা। জানা গিয়েছে, আগামী দিনে বিধায়কদের একটি করে ট্যাব দেওয়া হবে। সেই ট্যাবের মাধ্যমেই বিধানসভার কাজে অংশ নেবেন বিধায়করা। ‘নেভা সেবা কেন্দ্র’ নামে একটি ট্রেনিং সেন্টার থাকবে। সেখান থেকে বিধায়কদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এবং অবগত করানো হবে। বিধানসভা সচিবালয়ের আধিকারিকরা জানিয়েছেন, ইতিমধ্যে বর্তমান বিধায়কদের নাম, কেন্দ্রসহ একাধিক তথ্য মাস্টার ডেটা সার্ভারে আপলোড করা হয়ে গিয়েছে। প্রতিদিনই অলনাইন ও ডিজিটাল ব্যবস্থা এগচ্ছে এক-একটি ধাপ। আশা করা হচ্ছে, চলতি বছরের মধ্যেই ডিজিটাল ফরম্যাটের কাজ শেষ হয়ে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ