নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিট আন্দোলন কাঁপিয়ে দিয়েছে দেশকে। সে ঝড়ে উত্তাল কলকাতাও। বাম ছাত্ররা রাস্তায় নেমে বিজেপি বিরোধী আন্দোলন করেছে শুক্রবার। তার পালটা সোমবার রাজপথে মিছিল করে বিজেপি। তারপর মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি), অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (এবিআরএসএম) একযোগে শিক্ষা, সংস্কৃতি ও সুরক্ষা মঞ্চের ব্যানারে মিছিল করে শিয়ালদহ ও হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত। সেখানে পথসভা করে দেশরক্ষায় ও রাষ্ট্রদ্রোহীদের বিরোধিতায় রাষ্ট্রবাদীরা ধারাবাহিক আন্দোলন চালাবে বলে ঘোষণা করেছে।
এবিভিপির প্রদেশ সম্পাদক (দক্ষিণবঙ্গ) নীলকণ্ঠ ভট্টাচার্য এদিন পথসভায় বলেছেন, ‘ককরোচদের সরাতে রেড হিট তৈরি রাখতে হবে সব কলেজে।’ অধ্যাপক নীলকণ্ঠ সন্দীপ নাগ বলেছেন, ‘সুস্থ এবং দীর্ঘস্থায়ী আন্দোলন চালিয়ে যেতে মেধার চর্চা বাড়াতে হবে রাষ্ট্রবাদী তরুণশক্তিকে।’ এবিআরএসএম’য়ের নেতা বাপি প্রামাণিক বলেছেন, ‘প্রশ্ন ফাঁসকে হাতিয়ার করে মৌলবাদী, মাওবাদী ইত্যাদি রাষ্ট্রবিরোধী শক্তি সক্রিয় হয়েছিল। ভারতকে তারা নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করেছিল। এই শক্তিকে আটকাতে রাষ্ট্রবাদী শক্তি পথে নেমে সক্রিয় হয়েছে।’ এর পালটা কয়েকজন বলেছেন, ‘শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তেমনই সীমাহীন দুর্নীতি ঢাকতে রাষ্ট্রবাদীতার ধুয়ো তুলে লাভ হয় না।’ এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপির কলকাতা মহানগরের সম্পাদক স্বাধীন সরকার, নেত্রী পারমিতা বিশ্বাস, কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভব্রত অধিকারী, এবিআরএসএম নেতৃত্ব ও ছাত্র-ছাত্রীরা।