জগদ্ধাত্রীর চালির সৌন্দর্য ফুটছে বাঁশ ও খবরের কাগজে
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কৃষ্ণনগর: কালীপুজোর রেশ কাটতেই কৃষ্ণনগরে এখন জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি তুঙ্গে। হাতে সময় কম থাকায় দিনরাত এক করে কাজ করছেন মণ্ডপ শিল্পী থেকে আলোক শিল্পীরা। সেই সঙ্গে প্রতিমার সৌন্দর্য বাড়াতে ব্যস্ততা বেড়েছে চালি শিল্পীদেরও। জগদ্ধাত্রী পুজোর মূল আকর্ষণ প্রতিমা হলেও, প্রতিমার সাজ ও পারিপার্শ্বিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে শিল্পীদের হাতে তৈরি চালি। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুনত্ব ও বৈচিত্র্যের ছোঁয়া দিতে এখন পুরোদমে চলছে চালি তৈরির কাজ।

Advertisement

কৃষ্ণনগরের বাগদি পাড়ায় পা রাখলেই চোখে পড়বে চালি শিল্পী ও শোলার শিল্পীদের কর্মব্যস্ততা। বাঁশ, কাঠ, দড়ি, আঠা, খবরের কাগজ, রঙিন কাগজ ও কাপড়ের মতো বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হচ্ছে প্রতিমার চালি। শিল্পীদের নিপুণ হাতের কাজেই সাধারণ কাঠামো হয়ে উঠছে প্রতিমার সৌন্দর্য বৃদ্ধির অন্যতম উপকরণ। প্রতিটি চালিতে ফুটিয়ে তোলা হচ্ছে নিজস্ব কারুকার্য। পুজোর মণ্ডপ ও প্রতিমার সাজের সঙ্গে সামঞ্জস্য রেখে চালি তৈরির কাজ করছেন শিল্পীরা।
বেশিরভাগ চালি শিল্পী বলেন, কৃষ্ণনগরের বাগদি পাড়ার চালি তৈরির ঐতিহ্য বহু পুরনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন এলাকার শিল্পীরা। জগদ্ধাত্রী পুজো এলেই তাঁদের কাজের চাপ কয়েক গুণ বেড়ে যায়। বড় বারোয়ারির পুজোর পাশাপাশি বাড়ির পুজোতেও চালির চাহিদা রয়েছে। সেই কারণে ছোট থেকে বড়, বিভিন্ন আকারের চালি তৈরির অর্ডার আসছে শিল্পীদের কাছে। আবার অনেক বারোয়ারি মণ্ডপের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেও চালি তৈরির বরাত দিচ্ছে। ফলে প্রতিটি কাজেই নতুনত্ব আনার চেষ্টা করছেন শিল্পীরা। তবে কাঁচামালের দাম বাড়ায় আমাদেরও চালির দাম কিছুটা বাড়াতে হয়েছে। 
বাগদি পাড়ার এক চালি শিল্পী কার্তিক সাঁতরা বলেন, আমরা এখন দ্রুততার সঙ্গে কাজ করছি। কালী পুজোর আগে থেকেই জগদ্ধাত্রী পুজোর কাজ শুরু করেছি। একটা পুরো চালি শেষ করতে মোটামুটি দুদিন মত সময় লাগে। প্রতিবছর তিনশোর বেশি অর্ডার আসে। কৃষ্ণনগরে চালির বেশিরভাগ কাজ বাগদি পাড়াতেই হয়ে থাকে। চালির সূক্ষ্ম কাজের উপর দাম ৫ হাজার থেকে শুরু করে ৩০ - ৪০ হাজার  পর্যন্তও হয়ে থাকে।  পুরোটাই নির্ভর করছে উপকরণ এবং নকশার উপরে।
আরো এক চালি শিল্পী জানান, খুব ধৈর্য‌্য নিয়ে এই কাজ করতে হয়। প্রতিবছরের মতো এবারও জেলা নানা প্রান্তে কৃষ্ণনগরের চালি পৌঁছে যাবে।
সময়ের সঙ্গে বদলেছে পুজোর সাজসজ্জা, এসেছে নানা নতুন ভাবনা। তবু কৃষ্ণনগরের শিল্পীদের হাতের তৈরি ঐতিহ্যবাহী চালির কদর এখনও অটুট।  সেজে উঠছে জগদ্ধাত্রী চালি। নিজস্ব চিত্র