সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ শহরের পাশাপাশি ভাগীরথীর পূর্বপাড়ের স্বরূপগঞ্জ পঞ্চায়েত এলাকাতেও রাস উৎসবকে ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। বৈষ্ণব, শাক্ত ও শৈব মতে বিভিন্ন দেবদেবীর পুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজ তৈরি হয়েছে এলাকায়। এখানকার রাস উৎসবের অন্যতম আকর্ষণ তিন দিনের বাউলমেলা। রাস পুজোর দিন থেকে শুরু হওয়া তিন দিনের এই মেলার টানে দূরদূরান্ত থেকে আসা ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমে স্বরূপগঞ্জে। তাঁদের বাসস্থান, পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছে স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি।
স্বরূপগঞ্জ পঞ্চায়েত এলাকায় রাস পূর্ণিমা উপলক্ষ্যে রাধাকৃষ্ণ, গণেশ, ভারতমাতা ও অন্নপূর্ণা মাতার পুজোর পাশাপাশি শৈব মতে মহাকাল পুজোর আয়োজন করা হয়।
স্বরূপগঞ্জ ফেরিঘাট সংলগ্ন আনন্দ আশ্রমে রাধাকৃষ্ণের পুজোকে কেন্দ্র করে বসে তিনদিনের বাউল মেলা। অন্যদিকে, জনকল্যাণ সমিতির মাঠে মহাকাল পুজোকে কেন্দ্র করে আয়োজিত হয় সারারাত ব্যাপী বাউল মেলা। সেখানে বাউল গানের পাশাপাশি লোকসংগীতের আসরেও মেতে ওঠেন দর্শনার্থীরা। রাস দেখতে আসা বহু মানুষ রাতভর এই গানের আসরে মজে যান। মেলা প্রাঙ্গণে পুণ্যার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থাও থাকে।
উৎসব উপলক্ষ্যে ইতিমধ্যেই পঞ্চায়েতের উদ্যোগে এলাকায় রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা, নিকাশি নালা সংস্কার এবং পথবাতি মেরামতির কাজ শুরু হয়েছে। পাশাপাশি স্বরূপগঞ্জের বাইরে থেকে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীদের সুবিধার্থে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অস্থায়ী যাত্রীনিবাস, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগার এবং একাধিক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে।
মহাকাল পুজো কমিটির সদস্য বলরাম দাস বলেন, মহাকাল পুজোকে কেন্দ্র করে এখানে বাউল মেলার আয়োজন করা হয়। অনেকে সরকারি যাত্রীনিবাসেও আশ্রয় নেন। পুজো কমিটির পক্ষ থেকে তাঁদের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হয়।
স্বরূপগঞ্জ পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান কানাই দাস বলেন, এই পঞ্চায়েত এলাকায় রাধাকৃষ্ণ, মহাকাল ও গণেশ পুজোর পাশাপাশি ভারত মাতা ও অন্নপূর্ণা মাতার পুজো হয়। ভাগীরথীর তীরবর্তী স্বরূপগঞ্জ ফেরিঘাট সংলগ্ন আনন্দ আশ্রমে রাধাকৃষ্ণের পুজোকে কেন্দ্র করে রাসের দিন থেকে তিনদিন ধরে লোকসংগীত ও বাউল মেলা চলে। অন্যদিকে, জনকল্যাণ সমিতির মাঠে মহাকাল পুজো উপলক্ষ্যে তিনদিনের বাউল মেলার আয়োজন করা হয়। তাঁদের থাকার জন্য সরকারি উদ্যোগে অস্থায়ী যাত্রীনিবাস, পানীয় জলের টিউবওয়েল ও শৌচাগারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়।



