Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মুড়িগঙ্গা নদীর চরও ‘রায়ত’ জমি! অবাধে মাটি কেটেই চলেছে ইটভাটা, কাকদ্বীপ পরিদর্শনে মহকুমা ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক

কাকদ্বীপে মুড়িগঙ্গা ও কালনাগিনী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটা চলছে। একটি ইটভাটার মালিক প্রভাব খাটিয়ে এই কাজ করছেন বলে অভিযোগ।

মুড়িগঙ্গা নদীর চরও ‘রায়ত’ জমি! অবাধে মাটি কেটেই চলেছে ইটভাটা, কাকদ্বীপ পরিদর্শনে মহকুমা ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: কাকদ্বীপে মুড়িগঙ্গা ও কালনাগিনী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটা চলছে। একটি ইটভাটার মালিক প্রভাব খাটিয়ে এই কাজ করছেন বলে অভিযোগ। ইটভাটাটির দাবি, ‘নদীর চর তাদের রায়ত জমি।’ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বুদ্ধপুরে কালনাগিনী নদীর পাশে রয়েছে ইটভাটাটি। সেটির মালিক দীর্ঘদিন ধরে কালনাগিনীর চর থেকে অবৈধভাবে মাটি কাটছেন। সে মাটি দিয়ে ইট তৈরি করছেন। এর ফলে সমস্যা বড়ো আকার নিয়েছে। লাগাতার মাটি কাটার ফলে চরে তৈরি হয়েছে পুকুর সমান গর্ত। বাড়ছে ভূমিধ্বসের আশঙ্কা। অভিযোগ উঠলেও তা তোয়াক্কা করছেন না প্রভাবশালী মালিক। মঙ্গলবার সকালেও জনা ১৫ শ্রমিক কোদাল দিয়ে মাটি কাটার কাজ করেছেন। সেই মাটি ঝুড়ি ভর্তি করে ভাটায় নিয়ে গিয়ে জমাও করেছেন। ভাটার দায়িত্বে থাকা এক কর্মী মাটি কাটার কথা স্বীকারও করেন। নদীর চর থেকে মাটি কাটার অভিযোগ পেয়ে এই মহকুমার ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক ঘটনাস্থল পরিদর্শনে যান মঙ্গলবার। ভাটার দায়িত্বে থাকা কর্মীর সঙ্গে কথা বলেন। চরের মাটি কোনোভাবেই কাটা যাবে না বলেও জানান। 

Advertisement


এই কাজে যুক্ত শ্রমিকরা বলেছেন, ‘নদীর চরের মাটি ইটভাটার জন্যই কাটা হচ্ছে। ভাটার মালিকের নির্দেশেই তাঁরা এই কাজ করছেন।’ যদিও শুভেন্দু পুরকাইত নামে ইটভাটার দায়িত্বে থাকা কর্মী বলেন, ‘ভাটা চালানোর জন্য সমস্ত সরকারি অনুমতি আছে। ইট তৈরির জন্য মাটি কাটা হচ্ছে। কিন্তু নদীর চর থেকে কাটা হচ্ছে না। রায়ত জমি থেকে কাটা হচ্ছে।’ কাকদ্বীপের মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সনৎকুমার সরদার বলেন, ‘নদীর চরের ওই এলাকাটি পরিদর্শন করেছি। ভাটার মালিককে সব নথিপত্র নিয়ে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। নদীর চর থেকে মাটি কাটার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ