নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরপর ঘূর্ণিঝড় এর প্রভাব, তার জেরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে রাজ্য থেকে কার্যত উধাও হয়ে গিয়েছিল হেমন্তের আমেজ। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই দক্ষিণবঙ্গ জুড়ে চেনা মেজাজে ফিরল হেমন্ত। তার ফলে কমলো কলকাতার তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা কমে আসে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। আর আজ বৃহস্পতিবার ভোরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। তা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি হলেও গতকালের ভোরের তাপমাত্রা থেকে অনেকটাই কম। বুধবার ভোরের তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যজুড়ে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মনোরম আবহাওয়ায় কাটবে কালীপুজো। রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রাজ্যজুড়ে। কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও পরিষ্কার আকাশের সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা নেই। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।
কালীপুজোয় শুষ্ক আবহাওয়া থাকলেও সোমবার থেকে ফের হাওয়াবদলের সম্ভাবনা। সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জনিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হবে মঙ্গলবারও। মূলত উপকূলের জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে হালকা দমকা বাতাস। তবে দার্জিলিং সহ উপরের দিকের পাঁচ জেলায় থাকবে শুষ্ক আবহাওয়া।



